চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরীতে তুচ্ছ ঘটনায় কথা কাটাকাটির জেরে প্রতিবেশীর ছুরিকাঘাতে মোহাম্মদ দিয়ান (৪) নামে এক শিশু গুরুতর আহত হয়েছে। মূলত শিশুটির মামাকে লক্ষ্য করে চালানো ছুরিকাঘাত লক্ষ্যভ্রষ্ট হয়ে পাশে থাকা ভাগনের পেটে লাগলে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।
শুক্রবার (৩ জুলাই) রাত ৯টার দিকে নগরীর কোতোয়ালী থানাধীন বিআরটিসি জামতলা বস্তি এলাকায় এই ঘটনা ঘটে। আহত শিশু দিয়ান পরিবারের সদস্যদের সঙ্গে এনায়েত বাজার এলাকার নিজস্ব বাসা থেকে বিআরটিসি এলাকায় নানার বাড়িতে বেড়াতে এসেছিল।
পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানান, এলাকায় খেলাধুলার সময় দিয়ানের মামা আজহারুল হকের সঙ্গে প্রতিবেশী নুরুন্নবীর তুচ্ছ কোনো বিষয় নিয়ে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। কথার কাটাকাটির একপর্যায়ে অভিযুক্ত নুরুন্নবী ক্ষিপ্ত হয়ে ধারালো ছুরি নিয়ে আজহারুল হকের ওপর চড়াও হন এবং হামলার চেষ্টা করেন। তবে আজহারুলকে লক্ষ্য করে চালানো সেই ছুরির আঘাত লক্ষ্যভ্রষ্ট হয়ে পাশে দাঁড়িয়ে থাকা শিশু দিয়ানের পেটে গিয়ে লাগে। এতে শিশুটির পেট কেটে মারাত্মক জখম হয়।
রক্তাক্ত ও আশঙ্কাজনক অবস্থায় তাৎক্ষণিক শিশুটিকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে উন্নত ও জরুরি চিকিৎসার জন্য নগরীর একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হলে রাতেই চিকিৎসকেরা তার পেটে জরুরি অস্ত্রোপচার (অপারেশন) সম্পন্ন করেন। বর্তমানে শিশুটি হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।
এই নৃশংস ঘটনার পর জড়িতদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেছেন ভুক্তভোগী শিশুর পরিবার।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় একটি মামলা হয়েছে। তবে এর আগেই খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জিজ্ঞাসাবাদের জন্য তাৎক্ষণিকভাবে তিনজনকে আটক করা হয়েছে। ঘটনার মূল কারণ ও এর সাথে জড়িতদের শনাক্ত করতে পুলিশি তদন্ত চলমান।
চাটগাঁ নিউজ/জেএইচ





