চকরিয়ায় ছোট ভাইয়ের দায়ের কোপে বড় ভাইয়ের মৃত্যু

চাটগাঁ নিউজ ডেস্ক: কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নে গাছ কাটাকে কেন্দ্র করে বিরোধের জেরে ছোট ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে বড় ভাই নিহত হওয়ার অভিযোগ উঠেছে। নিহতের নাম মো. নুরুল ইসলাম (৫৩)।

আজ শুক্রবার উপজেলার খুটাখালী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের দক্ষিণ পাড়া এলাকায় সকাল ১০টার দিকে গাছ কাটা নিয়ে ঝগড়ার জেরে এ ঘটনা ঘটে।

নিহত নুরুল ইসলাম ওই এলাকার মৃত আলী হোছেনের ছেলে। তবে তিনি পরিবার থেকে আলাদা হয়ে একই ইউনিয়নের ৬নং ওয়ার্ডের হরিখোলা এলাকায় বসবাস করেতেন। অভিযুক্ত আব্দুর রহিম (৪২) নিহতের আপন ছোট ভাই বলে জানা গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য নাছির উদ্দিন জানান, আজ শুক্রবার সকালে পৈত্রিক বসতভিটায় গাছ কাটছিলেন আবদুর রহিম। এ খবর পেয়ে সেখানে ছুটে যান তার বড় ভাই মো. নুরুল ইসলাম। এ সময় দুই ভাইয়ের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে নুরুল ইসলামও দুটি গাছ কাটেন। এতে ক্ষিপ্ত হয়ে আবদুর রহিম ও তার পরিবারের সদস্যরা নুরুল ইসলামের ওপর হামলা করেন। হামলার এক পর্যায়ে নুরুল ইসলামের শরীরের একাধিক স্থানে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়। পরে আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন বলেন, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে যান। ঘটনার পর অভিযুক্ত পালিয়ে যাওয়ার তাৎক্ষণিক তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top