দীর্ঘ বিরতির পর আবার একসঙ্গে ন্যান্সি-ইমরান

বিনোদন ডেস্ক: দীর্ঘ বিরতির পর আবারও একসঙ্গে প্লেব্যাকে কণ্ঠ দিলেন জনপ্রিয় দুই সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি ও ইমরান মাহমুদুল। কামরুজ্জামান রোমানের পরিচালনায় নির্মিতব্য চলচ্চিত্র ‘শিকার’-এর জন্য তারা গেয়েছেন নতুন একটি দ্বৈত গান। গানটির শিরোনাম ‘দুজন মিলে বাঁচব এক জীবন’।

রোমান্টিক ঘরানার এই গানটির কথা লিখেছেন কবির বকুল। সুর ও সংগীতায়োজন করেছেন ইমরান মাহমুদুল। গত রোববার গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে বলে জানা গেছে। দীর্ঘদিন পর ন্যান্সি ও ইমরানের এই যুগল পরিবেশনা ঘিরে সংগীতাঙ্গনে ইতোমধ্যে ইতিবাচক সাড়া পড়েছে।

গানটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে ন্যান্সি বলেন, ‘ইমরানের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা সবসময়ই আনন্দদায়ক। গানটির কথা ও সুর অত্যন্ত মনোমুগ্ধকর। আমার বিশ্বাস, এটি শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যাবে। দীর্ঘ বিরতির পর এমন একটি মানসম্মত চলচ্চিত্রের গানে কণ্ঠ দিতে পেরে খুব ভালো লাগছে।’

ইমরান মাহমুদুল বলেন, ‘ন্যান্সি বাংলা সংগীতের অন্যতম শক্তিশালী কণ্ঠশিল্পী। তাঁর সঙ্গে দ্বৈত গান করা সবসময়ই বিশেষ অনুভূতির। নতুন গানটি নিয়েও আমরা বেশ আশাবাদী।’

‘শিকার’ চলচ্চিত্রের প্রধান দুই চরিত্রে অভিনয় করবেন অপু বিশ্বাস ও মুরতজা পলাশ। থ্রিলারধর্মী এই সিনেমার শুটিংয়ের জন্য শিগগিরই পুরো টিম নেপালে যাবে। সেখানেই ছবিটির সম্পূর্ণ শুটিং সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।

চলচ্চিত্রটিতে আরও অভিনয় করবেন মাহমুদুল ইসলাম মিঠু, রাশেদ মামুন অপুসহ আরও অনেকে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top