চাটগাঁ নিউজ ডেস্ক : নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) অপারেশনের দায়িত্ব ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার বিষয়ে এবার মুখ খুললেন চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান।
বুধবার (১ জুলাই) দুপুরে চট্টগ্রাম বন্দরে ওয়ান স্টপ সার্ভিস ভবন উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে এ বিষয়ে কথা বলেন তিনি।
বন্দর চেয়ারম্যান বলেন, ‘বন্দরের যে আইন আছে, তাতে বন্দর চেয়ারম্যান হলেন একজন জনসেবক। আমি এখানে সেবাদানকারী হিসেবে এসেছি। আমার কাজ হলো জনসেবা করা। ভবিষ্যত প্রজন্মের জন্য যেটা করা সেটা রাষ্ট্রীয় সিদ্ধান্ত। এখানে ডিপি ওয়ার্ল্ড নিয়ে এখন যে কথা হচ্ছে। এটি আজকের কথা নয়। আমি বন্দরে যোগ দেওয়ার আগে থেকে এ আলোচনা হয়ে আসছে। ২০১৯ সাল থেকে এ কাজটা শুরু হয়েছিল।’
তিনি বলেন, ‘২০১৯ সালে ডিপি ওয়ার্ল্ডের বিষয়ে জিটুজির ভিত্তিতে সংযুক্ত আরব আমিরাত সরকারের সঙ্গে আমাদের প্ল্যাটফর্ম মিটিং হয়। ওই মিটিংয়ে বন্দরের তরফ থেকে এনসিটিকে তাদের (ডিপি ওয়ার্ল্ড) নেওয়ার জন্য বলা হয়েছিল। সেটি আমাদের (বন্দরের) প্রস্তাব ছিল। ডিপি ওয়ার্ল্ড আমিরাত সরকারের শতভাগ নিজস্ব প্রতিষ্ঠান।’
সংযুক্ত আরব আমিরাতে প্রায় ২৬ লাখ বাংলাদেশি রয়েছে উল্লেখ করে বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান বলেন, ‘সংযুক্ত আরব আমিরাত থেকে প্রতি বছর আমাদের ৪ দশমিক ৬৫ বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স আসে। এত্তবড় একটি কর্মযজ্ঞ আমাদের সেখানে রয়েছে। এনসিটি নিয়ে যখন ওই সময়ে সংযোগ হয়, তখন একটি সমঝোতা স্মারকও হয়েছিল। এটি (এনসিটি ব্যবস্থাপনা) নিয়ে ট্রান্সজেকশন অ্যাডভাইজার আমরাও (বন্দর) নিয়োগ করেছি, তারাও করেছে। আমরা করেছি ওয়ার্ল্ড ব্যাংকের মাধ্যমে আমাদের আইআইএফসি, ওনাদেরও এরকম একটি প্রতিষ্ঠানকে নিয়োগ করেছে। সেখানে তারা টাকা-পয়সা নিয়ে এখানে আসছে। সেখানে তারা বিগত বিভিন্ন সময়ে বাধার সম্মুখীন হয়েছে।’
এসময় বন্দর সদস্য (হারবার ও মেরিন) কমডোর আহমেদ আমিন আবদুল্লাহ, সদস্য (অর্থ) মো. মাহবুব আলম তালুকদার, সদস্য (প্রকৌশল) কমডোর মো. মাযহারুল ইসলাম জুয়েল, সদস্য (প্রশাসন ও পরিকল্পনা) মো. সামীমুজ্জামান, বন্দর পরিচালক (প্রশাসন) মো. ওমর ফারুক, বন্দর সচিব (অতিরিক্ত দায়িত্ব) মো. নাসির উদ্দিনসহ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
চাটগাঁ নিউজ/এসএ





