চাটগাঁ নিউজ ডেস্ক : নকশাবহির্ভূত ভবন নির্মাণের অভিযোগে কল্পলোক আবাসিকের সাতটি বহুতল ভবন ও একটি অনুমোদনহীন গুদাম সিলগালা করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। একই সঙ্গে তিন ভবন মালিককে ১৩ লাখ টাকা জরিমানা করেছে প্রতিষ্ঠানটি।
মঙ্গলবার (৩০ জুন) বাকলিয়া থানাধীন কল্পলোক আবাসিক এলাকায় চউকের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হামীমুন তানজীনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
সিডিএ সূত্রে জানা যায়, নির্মাণাধীন ভবনগুলোতে বাধ্যতামূলক সেটব্যাক (প্লটের সীমানা থেকে নির্ধারিত খালি স্থান) সংরক্ষণ না করা, অনুমোদিত নকশা থেকে বিচ্যুতি এবং অন্যান্য অনিয়মের প্রমাণ পাওয়া যায়।
এসব অভিযোগে ১১টি স্থাপনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। ইমারত নির্মাণ আইন, ১৯৫২-এর ধারা ১২(১) অনুযায়ী নকশাবহির্ভূতভাবে নির্মিত সাতটি বহুতল ভবন ও একটি অনুমোদনহীন গুদাম সিলগালা করা হয়।
সিলগালা করা স্থাপনাগুলোর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এছাড়া তিন ভবন মালিককে ১৩ লাখ টাকা অর্থদণ্ড এবং অর্থদণ্ড অনাদায়ে এক বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন জানান, কোনো অবস্থাতেই নকশাবহির্ভূত ভবন নির্মাণ করা যাবে না। যদি এমন অভিযোগ পাওয়া যায় তাহলে আইন অনুযায়ী সেই স্থাপনা অপসারণে চউক বাধ্য হবে। পরিকল্পিত, নিরাপদ ও বাসযোগ্য নগর গড়ে তুলতে প্রয়োজনীয় সব ধরনের কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
অভিযানকালে সিডিএর অথরাইজড অফিসার-২ কাজী কাদের নেওয়াজ, সহকারী অথরাইজড অফিসার আসাদ বিন আনোয়ার, সহকারী অথরাইজড অফিসার ফারুক আহাম্মদ প্রমুখ উপস্থিত ছিলেন।
চাটগাঁ নিউজ/এসএ





