চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের হাটহাজারীতে পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় শাড়ি ও থ্রিপিসসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় কাপড় পরিবহনে ব্যবহৃত একটি পিকআপও জব্দ করা হয়।
সোমবার (২৯ জুন) ভোর সাড়ে ৪টার দিকে খাগড়াছড়ি-চট্টগ্রাম আঞ্চলিক মহাসড়কে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করে হাটহাজারী মডেল থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন মো. আলমগীর হোসেন (৪২) ও মো. সেলিম (৩৪)।
হাটহাজারী থানার এসআই রূপন নাথ জানান, সন্দেহভাজন একটি পিকআপে তল্লাশি চালিয়ে ১ হাজার ২৩৮ পিস ভারতীয় শাড়ি এবং ২৪৬ পিস থ্রিপিস উদ্ধার করা হয়। জব্দকৃত কাপড়ের আনুমানিক বাজারমূল্য ৩৫ লাখ ৩৫ হাজার ৯০০ টাকা।
হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুর রহমান বলেন, অবৈধভাবে দেশে আনা ভারতীয় শাড়ি ও থ্রিপিস জব্দ করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার দুইজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
চাটগাঁ নিউজ/এমকেএন





