চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় একটি পুকুর থেকে নিখোঁজ এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া বৃদ্ধের নাম ইলিয়াস (৭৫)।
সোমবার (২৯ জুন) সকাল সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে উপজেলার ছদাহা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের একটি পুকুরে স্থানীয় বাসিন্দারা মরদেহটি ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
পরিবারের সদস্যরা জানান, ইলিয়াস দীর্ঘদিন ধরে মদ্যপানে আসক্ত ছিলেন। তিনি প্রায়ই বাড়ি থেকে বের হয়ে কয়েকদিন নিখোঁজ থাকতেন। কয়েকদিন আগে বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি। এ সময় পরিবারের সদস্যরা বিভিন্নভাবে খোঁজাখুঁজি ও মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলেও তার কোনো সন্ধান পাননি।
সোমবার সকালে স্থানীয়দের মাধ্যমে পুকুরে মরদেহ ভাসতে থাকার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ শনাক্ত করেন স্বজনরা।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মৃত্যুর প্রকৃত কারণ জানতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে।
চাটগাঁ নিউজ/এমকেএন





