চাটগাঁ নিউজ ডেস্ক: ‘শিক্ষকদের বেতন যোগাতে সাঙ্গু নদীতে ইঞ্জিনচালিত নৌকা চালান প্রধান শিক্ষক’ শিরোনামে গত ২৩ মে সিপ্লাসটিভি ও চাটগাঁ নিউজে একটি প্রতিবেদন প্রচার করা হয়েছিল। যেখানে বান্দরবানের থানচি উপজেলার দুর্গম তিন্দু এলাকার তিন্দু নিম্ন মাধ্যমিক বিদ্যালয়কে বাঁচিয়ে রাখতে একজন প্রধান শিক্ষকের সংগ্রামের কথা তুলে ধরা হয়।
ঘটনাটি সামনে আসার পর প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে বান্দরবানের থানচি উপজেলার তিন্দু নিম্ন মাধ্যমিক বিদ্যালয়কে জাতীয়করণের ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী।
আজ রোববার ( ২৮ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন প্রধানমন্ত্রীর এই নির্দেশনার কথা সংসদে জানান।
অন্যদিকে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান গণমাধ্যমে জানান, দুর্গম পাহাড়ি এলাকায় একটি বিদ্যালয় টিকিয়ে রাখাই যেখানে বড় চ্যালেঞ্জ, সেখানে এই প্রধান শিক্ষক অনুপ্রেরণার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। বিষয়টি জানার পরপরই প্রধানমন্ত্রী শিক্ষামন্ত্রীকে বিদ্যালয়টি জাতীয়করণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
এদিকে, এমন খুশির সংবাদ পেয়ে সিপ্লাসটিভির প্রতিনিধি মোহাম্মদ ইলিয়াসকে ধন্যবাদ জানিয়েছেন প্রধান শিক্ষক বামং খিয়াং মিংলেন।
জানা গেছে, বিদ্যালয়ের শিক্ষকদের খরচ যোগাতে খোদ প্রধান শিক্ষককেই দেখা গেছে বোট চালাতে। এটি নিয়ে একটি ভিডিও প্রতিবেদন পাঠায় সিপ্লাসটিভির বান্দরবান প্রতিনিধি মোহাম্মদ ইলিয়াস। সিপ্লাসটিভির ফেসবুক ও ইউটিউবে প্রচারিত ভিডিওটি মুহুর্তেই ভাইরাল হয়ে যায় এবং লক্ষ লক্ষ ভিউ ও হাজার হাজার দর্শক কমেন্ট করে ফেসবুকে। যেখানে অনেকেই কমেন্টের মাধ্যমে শিক্ষকের প্রশংসা করেন এবং দেশ ও বিদেশ থেকে তাকে সাহায্য পাঠাতে চান। সেই সিপ্লাসটিভির ফেসবুক ও ইউটিউব চ্যানেলে প্রচারিত ভিডিওটি নজরে এসেছে খোদ প্রধানমন্ত্রী তারেক রহমানেরও।
উল্লেখ্য, ২০২০ সালে প্রতিষ্ঠিত তিন্দু নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে বর্তমানে ৫৬ জন শিক্ষার্থী অধ্যয়ন করছে। তবে শিক্ষার্থীদের অধিকাংশই দরিদ্র পরিবারের সন্তান হওয়ায় নিয়মিত বেতন দিতে পারে না। ফলে শিক্ষক-কর্মচারীদের বেতন পরিশোধ এবং বিদ্যালয়ের কার্যক্রম চালিয়ে নেওয়া কঠিন হয়ে পড়ে। এই সংকট মোকাবিলায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছুটির দিনগুলোতে থানচি-তিন্দু-রেমাক্রী নৌপথে ইঞ্জিনচালিত নৌকা চালিয়ে পর্যটক ও যাত্রী পরিবহন করেন। সেই আয় থেকে নিজের প্রয়োজন মেটানোর পরিবর্তে শিক্ষকদের বেতন পরিশোধে অর্থ ব্যয় করেন।
বিস্তারিত সিপ্লাস টিভিতে………
চাটগাঁ নিউজ/জেএইচ





