বোয়ালখালীতে বালুবাহী ট্রাকচাপায় প্রাণ গেল যুবকের

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কধুরখীল এলাকায় বালুবাহী ট্রাকের চাপায় মো. জাবেদ (১৯) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেলের অপর এক আরোহী আহত হয়েছেন।

রবিবার (২৮ জুন) সন্ধ্যা পৌনে ৬টার দিকে কধুরখীল জামতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জাবেদ উপজেলার চরণদ্বীপ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের হাজী মকবুল আহমদ বাড়ির প্রবাসী মো. সেলিমের ছেলে। তিনি নগরীতে মেকানিক্যাল কাজ শিখতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, কালুরঘাটমুখী একটি বালুবাহী ট্রাককে পেছন দিক থেকে ওভারটেক করার সময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যায়। এতে মোটরসাইকেল চালক জাবেদ ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন। মোটরসাইকেলের পেছনে থাকা অপর আরোহী আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান। দুর্ঘটনার পর ট্রাকচালক ঘটনাস্থলে গাড়িটি রেখে পালিয়ে যান।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফফর হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটি জব্দ করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top