আন্তর্জাতিক ডেস্ক: ভেনেজুয়েলায় আঘাত হানা দুটি শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা বেড়ে ৯২০ জনে পৌঁছেছে। এছাড়া আহত হয়েছেন প্রায় তিন হাজার মানুষ। দেশটির সাম্প্রতিক ইতিহাসে নয়, বরং এক শতকেরও বেশি সময়ের মধ্যে এটিই সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বিবিসির প্রতিবেদনে জানানো হয়, শুক্রবার (২৬ জুন) দেশটির ন্যাশনাল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট হোর্হে রদ্রিগেজ সরকারি তথ্যের ভিত্তিতে ৯২০ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। এর আগে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ জানান, আহতের সংখ্যা প্রায় তিন হাজারে পৌঁছেছে।
সবচেয়ে ক্ষতিগ্রস্ত লা গুয়াইরা অঙ্গরাজ্য পরিদর্শন শেষে ডেলসি রদ্রিগেজ বলেন, আন্তর্জাতিক সহায়তা ইতোমধ্যে পৌঁছাতে শুরু করেছে। বিভিন্ন দেশ থেকে বিশেষায়িত উদ্ধারকারী দল ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার অভিযান চালাচ্ছে।
তবে ধ্বংসস্তূপের নিচে এখনও বহু মানুষ আটকে থাকার আশঙ্কা রয়েছে। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধার কার্যক্রম ধীরগতিতে চলায় ক্ষোভ প্রকাশ করেছেন ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দারা।
গত বুধবার রাতে মাত্র এক মিনিটের ব্যবধানে রিখটার স্কেলে ৭ দশমিক ২ এবং ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এর মধ্যে দ্বিতীয় ভূমিকম্পটি ১৯০০ সালের পর ভেনেজুয়েলায় রেকর্ড হওয়া সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প হিসেবে বিবেচিত হচ্ছে।
ভূতত্ত্ববিদদের প্রাথমিক বিশ্লেষণে ধারণা করা হচ্ছে, উপকূলীয় সান সেবাস্তিয়ান ফল্টে সৃষ্ট ফাটলের কারণেই এই জোড়া ভূমিকম্পের উৎপত্তি হয়েছে।
এদিকে, উদ্ধার ও ত্রাণ কার্যক্রম জোরদার করতে ইউরোপের কয়েকটি দেশের পাশাপাশি সুইজারল্যান্ড, মেক্সিকো এবং এল সালভাদর থেকে উদ্ধারকারী দল ও মানবিক সহায়তা ভেনেজুয়েলায় পৌঁছেছে।
চাটগাঁ নিউজ/এমকেএন





