দেম্বেলের হ্যাটট্রিকে নরওয়েকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ফ্রান্স

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের গ্রুপ পর্বে দুর্দান্ত ছন্দ ধরে রেখে নরওয়েকে ৪-১ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে ফ্রান্স। ম্যাচের নায়ক ছিলেন ব্যালন ডি’অরজয়ী উসমান দেম্বেলে, যিনি মাত্র ৩২ মিনিটের মধ্যেই হ্যাটট্রিক পূর্ণ করে বিশ্বকাপ ইতিহাসের অন্যতম দ্রুততম হ্যাটট্রিকের কীর্তি গড়েন।

শুক্রবার বোস্টনের স্টেডিয়ামে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ফ্রান্স। ম্যাচের সপ্তম মিনিটে কিলিয়ান এমবাপ্পের পাস থেকে প্রথম গোল করেন দেম্বেলে। এরপর ২০ মিনিটে ডান প্রান্ত দিয়ে এগিয়ে এসে বাঁ পায়ের নিখুঁত শটে ব্যবধান দ্বিগুণ করেন তিনি।

৩২তম মিনিটে আবারও একই ধরনের আক্রমণ থেকে নিজের তৃতীয় গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন ফরাসি ফরোয়ার্ড। বিশ্বকাপে এর চেয়ে দ্রুত হ্যাটট্রিক করার নজির রয়েছে কেবল অস্ট্রিয়ার এরিখ প্রোবস্ট (১৯৫৪) এবং সবচেয়ে দ্রুততম হ্যাটট্রিকের রেকর্ডধারী হাঙ্গেরির লাসলো কিসের (১৯৮২)।

নরওয়ের হয়ে থেলো আসগার্ড একবার ব্যবধান কমালেও ম্যাচে ফেরার সুযোগ পায়নি দলটি। শেষ দিকে দেজিরে দুয়ে আরও একটি গোল করে ফ্রান্সের জয় নিশ্চিত করেন।

এই জয়ে তিন ম্যাচে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে ‘আই’ গ্রুপের শীর্ষস্থান ধরে রেখে শেষ ষোলো নিশ্চিত করেছে ফ্রান্স। গ্রুপ পর্বে দলটি মোট ১০টি গোল করেছে। অন্যদিকে, ছয় পয়েন্ট নিয়ে রানার্সআপ হিসেবে নকআউট পর্বে উঠেছে নরওয়ে।

ফ্রান্সের জন্য দিনটি ছিল আবেগঘনও। মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্রধান কোচ দিদিয়ের দেশম দেশে ফিরে যাওয়ায় তার অনুপস্থিতিতেই খেলতে নামে দলটি। সহকারী কোচ গি স্তেফানের অধীনে দারুণ পারফরম্যান্স উপহার দেন এমবাপ্পে-দেম্বেলেরা। শনিবার আবার দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে দেশমের।

এদিকে, পরের পর্ব নিশ্চিত থাকায় নরওয়ের কোচ স্টালে সোলবাক্কেন মূল একাদশে ১০টি পরিবর্তন আনেন। বিশ্রামে ছিলেন আর্লিং হলান্ড, মার্টিন ওডেগার্ড ও আলেকজান্ডার সোরলোথের মতো তারকা ফুটবলাররা।

ম্যাচে পেনাল্টি থেকেও গোল করতে ব্যর্থ হয় নরওয়ে। ইয়েরগেন স্ট্রান্ড লারসেনের শট দারুণ দক্ষতায় রুখে দেন ফরাসি গোলরক্ষক মাইক মেনিয়ান।

ম্যাচ শেষে দেম্বেলে বলেন, আমরা প্রতিটি ম্যাচ জিততে চাই। সামনে আরও কঠিন লড়াই অপেক্ষা করছে, তাই আমাদের একই মনোযোগ ও ধারাবাহিকতা ধরে রাখতে হবে।

সহকারী কোচ গি স্তেফান জানান, পুরো দলই প্রধান কোচ দিদিয়ের দেশমকে উৎসর্গ করেই খেলেছে। তার ভাষায়, দল গতি, তীব্রতা ও আক্রমণাত্মক মানসিকতা নিয়ে খেলেছে। তবে এখনও কিছু জায়গায় উন্নতির সুযোগ রয়েছে, সেগুলো নিয়েই আমরা কাজ করব।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top