মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

চাটগাঁ নিউজ ডেস্ক: মালয়েশিয়া ও চীনে ছয় দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর এটিই তাঁর প্রথম বিদেশ সফর ছিল।

আজ শুক্রবার (২৬ জুন) সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে চায়না সাউদার্ন এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।

বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান মন্ত্রিপরিষদের সদস্যরা, প্রধানমন্ত্রীর উপদেষ্টারা, সংসদ সদস্য এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিনিয়র নেতারাও উপস্থিত থেকে দলীয় প্রধানকে অভ্যর্থনা জানান।

এর আগে স্থানীয় সময় বিকেল ৫টা ১৫ মিনিটে বেইজিং ড্যাক্সিং আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চায়না সাউদার্ন এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা হন তিনি।

প্রধানমন্ত্রীর সঙ্গে তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং সফরসঙ্গী প্রতিনিধিদলের সদস্যরাও একই ফ্লাইটে দেশে ফেরেন।

চীনে চার দিনের সফরে তিনি দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং ও প্রধানমন্ত্রী লি চিয়াংসহ শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেন। এ সফরে বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই হয় এবং দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে মালয়েশিয়া সফরে গিয়ে দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠক করেন তারেক রহমান। বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক, শ্রমবাজার, বাণিজ্য, বিনিয়োগ ও পারস্পরিক সহযোগিতার বিষয়গুলো গুরুত্বের সঙ্গে আলোচিত হয়।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top