চাটগাঁ নিউজ ডেস্ক: পতেঙ্গা আউটার রিং রোডের পশ্চিম পাশে অবস্থিত রানী রাসমণি ঘাটে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) নাম ব্যবহার করে অবৈধভাবে অর্থ আদায়ের অভিযোগে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনের নির্দেশনায় এ অভিযান পরিচালনা করেন আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিষেক দাশ।
চসিক সূত্র জানায়, স্থানীয় জেলেদের স্বার্থ বিবেচনায় চলতি ১৪৩৩ বঙ্গাব্দে রানী রাসমণি ঘাট ইজারা দেওয়া হয়নি। একই সঙ্গে ঘাট থেকে খাস আদায়ের দায়িত্বও কাউকে প্রদান করা হয়নি। কিন্তু এ সুযোগে একটি চক্র সিটি করপোরেশনের নাম ব্যবহার করে ঘাটের নিয়ন্ত্রণ গ্রহণ এবং অর্থ আদায়ের চেষ্টা চালিয়ে আসছিল বলে অভিযোগ ওঠে।
সম্প্রতি এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা মানববন্ধন করলে বিষয়টি চসিকের নজরে আসে। এরপর মেয়রের নির্দেশে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ঘাট এলাকায় অবৈধভাবে নির্মিত একটি অস্থায়ী অফিসসহ কয়েকটি স্থাপনা উচ্ছেদ করা হয়। এছাড়া সিটি করপোরেশনের নামে টানানো অনুমোদনহীন ব্যানার অপসারণ এবং দোকান নির্মাণের উদ্দেশ্যে গড়ে তোলা বিভিন্ন অবকাঠামো ভেঙে ফেলা হয়।
অভিযান চলাকালে বিপুল পরিমাণ নির্মাণসামগ্রীও জব্দ করা হয়েছে। জব্দকৃত সামগ্রীর মধ্যে রয়েছে প্রায় ২১৮টি বাঁশ, ৪০টি টিনের শিট, একটি টেবিল, চারটি চেয়ার এবং একটি বৈদ্যুতিক ফ্যান।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিষেক দাশ বলেন, চট্টগ্রাম সিটি করপোরেশন এ ঘাট কাউকে ইজারা দেয়নি। তাই সিটি করপোরেশনের নাম ব্যবহার করে অর্থ আদায়ের কোনো সুযোগ নেই। তিনি জানান, ভবিষ্যতে আইনগত বিষয়গুলো পর্যালোচনা করে ঘাটটির ব্যবস্থাপনা বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।
চাটগাঁ নিউজ/এমকেএন





