পটিয়ায় বাস-প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে আহত ৫

পটিয়া প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়া উপজেলায় বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া বাইপাস সড়কের ফারুকীপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, ঢাকা থেকে কক্সবাজারগামী একটি প্রাইভেট কার ফারুকীপাড়া এলাকায় পৌঁছালে বিপরীতমুখী একটি যাত্রীবাহী বাস সামনে থাকা আরেকটি বাসকে ওভারটেক করার চেষ্টা করে। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি প্রাইভেট কারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে।

হাইওয়ে পুলিশ জানায়, বান্দরবান থেকে চট্টগ্রামগামী পূর্বাণী পরিবহনের একটি বাসের সঙ্গে কক্সবাজারমুখী প্রাইভেট কারের সংঘর্ষ হলে কারটিতে থাকা পাঁচ যাত্রী আহত হন।

আহতরা হলেন— নোয়াখালী সদরের মিজানুর রহমান (৩৫), ময়মনসিংহের নান্দাইল উপজেলার মোহাম্মদ মাসুম (২৫), মাদারীপুরের শিবচরের লিয়াকত আলী (৩৫), ঢাকার কেরানীগঞ্জের শিরিন আক্তার (২৭) এবং ঢাকার শ্যামলী এলাকার আখি আক্তার (৩০)।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও হাইওয়ে পুলিশ আহতদের উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে গুরুতর আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

পটিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি হারুনুর রশিদ বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি সরিয়ে নেওয়ার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। বর্তমানে সড়কে যান চলাচল নির্বিঘ্ন রয়েছে।

চাটগাঁ নিউজ/পিবলু/এমকেএন

Scroll to Top