দুই শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা, জরুরি অবস্থা ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক: ভেনেজুয়েলায় অল্প সময়ের ব্যবধানে দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর দেশজুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। পরিস্থিতি মোকাবিলায় দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছে প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজের নেতৃত্বাধীন সরকার।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে জানা গেছে, স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় প্রথমে ৭ দশমিক ২ এবং পরে ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, দুটি কম্পনের মধ্যে ব্যবধান ছিল মাত্র ৪০ সেকেন্ড।

জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রেসিডেন্ট রদ্রিগেজ হতাহতের ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করলেও তাৎক্ষণিকভাবে কোনো নির্দিষ্ট সংখ্যা প্রকাশ করেননি। তবে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা ও পর্যবেক্ষকরা আশঙ্কা প্রকাশ করেছেন, সময়ের সঙ্গে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে।

সামাজিক যোগাযোগমাধ্যম এবং আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত ভিডিওতে রাজধানী কারাকাসসহ দেশের বিভিন্ন এলাকায় ভবন ও অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতির চিত্র দেখা গেছে। উপকূলীয় শহর কাতিয়া লা মারের কয়েকটি এলাকায় পাহাড়ঘেঁষা ভবন ধসে পড়ার ঘটনাও ঘটেছে। আতঙ্কিত মানুষকে ঘরবাড়ি ছেড়ে খোলা স্থানে আশ্রয় নিতে দেখা গেছে।

জানা গেছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভেনেজুয়েলার উত্তর উপকূলীয় অঞ্চল। এ এলাকায় দেশের গুরুত্বপূর্ণ কয়েকটি তেল শোধনাগার অবস্থিত।

সরকারি তথ্য অনুযায়ী, রাজধানীসহ বিভিন্ন শহর ও জনপদে বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বেশ কয়েকটি স্থাপনা ধসে পড়েছে। আরও কিছু ভবন ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকায় নিরাপত্তা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে।

এদিকে, ভূমিকম্পের পর রাজধানী কারাকাসের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছে। দেশের অন্যান্য অঞ্চলেও একই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। নিরাপত্তার স্বার্থে রাজধানীর আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

ইউএসজিএস সতর্ক করে জানিয়েছে, এ দুর্যোগের প্রভাব আরও বিস্তৃত হতে পারে। উদ্ধারকর্মীরা ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে অনুসন্ধান ও উদ্ধার অভিযান অব্যাহত রেখেছেন।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top