চাটগাঁ নিউজ ডেস্ক: দালিয়ানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) সম্মেলন শেষে চীনের রাজধানী বেইজিংয়ে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ বুধবার (২৪ জুন) স্থানীয় সময় বিকেল ৫টা ৩৫ মিনিটে তিনি বেইজিং পৌঁছান। প্রধানমন্ত্রীর সঙ্গে সফরসঙ্গী হিসেবে রয়েছেন তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
এর আগে দুপুর ২টায় তিনি দালিয়ান থেকে হাই-স্পিড (বুলেট) ট্রেনে করে বেইজিংয়ের উদ্দেশ্যে রওনা হন।
এদিন সকালেই দালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ডব্লিউইএফ আয়োজিত ‘গ্রীষ্মকালীন দাভোস’-এর বার্ষিক সম্মেলনে অংশ নেন প্রধানমন্ত্রী।
‘১৭তম অ্যানুয়াল মিটিং অব দ্য নিউ চ্যাম্পিয়নস’ শীর্ষক এই আয়োজনে বাংলাদেশের প্রধানমন্ত্রী ছাড়াও গিনির প্রধানমন্ত্রী আমাদু উরি বাহ, কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলঝাস বেকতেনভ, দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী কিম মিন সেওক, মঙ্গোলিয়ার প্রধানমন্ত্রী নিয়াম ওসর উচরাল এবং মন্টিনিগ্রোর প্রধানমন্ত্রী মিলোইকো স্পাইজিচ অংশগ্রহণ করেন।
সম্মেলনটিতে বিশ্বের ৯০টিরও বেশি দেশ ও অঞ্চল থেকে রাজনৈতিক, ব্যবসায়িক ও বিশেষজ্ঞ পর্যায়ের ১ হাজার ৭০০ জনেরও বেশি প্রতিনিধি অংশ নিয়েছেন।
সংশ্লিষ্টরা মনে করছেন, ‘গ্রীষ্মকালীন দাভোসে’ প্রধানমন্ত্রী তারেক রহমানের এই অংশগ্রহণ বাংলাদেশের জন্য নতুন বিনিয়োগের সম্ভাবনা তৈরি করবে।
পাশাপাশি বিভিন্ন দেশের অভিজ্ঞতা ও কৌশল বিনিময়ের মাধ্যমে জাতীয় সক্ষমতা বৃদ্ধিতেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
গত সোমবার (২২ জুন) এক রাষ্ট্রীয় সফরে চীনের দালিয়ানে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান।
চাটগাঁ নিউজ/জেএইচ





