চট্টগ্রামে মাদক মামলায় ২০ বছরের দণ্ডপ্রাপ্ত আসামি আটক

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের পটিয়া থানার একটি মাদক মামলায় ২০ বছর কারাদণ্ডপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত পলাতক আসামি মো. জয়নাল আবেদীন রাশেদকে (৩৪) গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।

গ্রেপ্তার রাশেদ হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের মৃত কামাল সওদাগরের ছেলে।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) ও সহকারী পুলিশ সুপার এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২৩ জুন) রাত পৌনে ১০টার দিকে হাটহাজারীর মুন্সির মসজিদ এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় পটিয়া থানার মাদক মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি জয়নাল আবেদীন রাশেদকে আটক করা হয়।

র‌্যাব সূত্র জানায়, ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা একটি মামলায় আদালত দুটি পৃথক ধারায় রাশেদকে ১২ বছর কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড এবং ৮ বছর কারাদণ্ড ও আরও ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।

ফলে তার মোট ২০ বছর কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ রয়েছে।

গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে হাটহাজারী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top