গ্রেপ্তারের একদিন পর চট্টগ্রাম কারাগারে যুবলীগ নেতার মৃত্যু

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে গ্রেপ্তারের মাত্র একদিনের মাথায় সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক নুরুল আলমের (৪২) মৃত্যু হয়েছে।

আজ বুধবার (২৪ জুন) সকাল সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. ইকবাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মঙ্গলবার (২৩ জুন) বিকেলে একটি মামলায় গ্রেপ্তার হওয়ার পর নুরুল আলমকে কারাগারে আনা হয়। কারাগারে প্রবেশের পর থেকেই তিনি শারীরিক অসুস্থতা ও অস্বস্তির কথা জানাচ্ছিলেন।

কারা কর্তৃপক্ষের ভাষ্য, বুধবার ভোরের দিকে নুরুল আলমের শারীরিক অবস্থার অবনতি হলে কারাচিকিৎসকের পরামর্শে তাকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ৭টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতাল সূত্র জানায়, প্রাথমিক মৃত্যুসনদে তার মৃত্যুর কারণ হিসেবে তীব্র শ্বাসকষ্টজনিত জটিলতার উল্লেখ করা হয়েছে।

এদিকে, গ্রেপ্তারের পরদিনই কারাগারে নুরুল আলমের আকস্মিক মৃত্যু নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গন এবং তার পরিবারের সদস্যদের মধ্যে নানা প্রশ্ন ও আলোচনা তৈরি হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ।

চাটগাঁ নিউজ/এমকেএন/জেএইচ

Scroll to Top