সীতাকুণ্ডে চিরকুট লিখে মসজিদের কক্ষে ইমামের আত্মহত্যা

সীতাকুণ্ড প্রতিনিধি: সামাজিক যোগাযোগমাধ্যমে ‘যার জীবনে দুঃখ ছাড়া কিছু নেই, তাকে কষ্টের ভয় দেখিয়ে লাভ নেই’— এমন স্ট্যাটাস দিয়ে এবং প্রেমসংক্রান্ত একটি চিরকুট লিখে আত্মহত্যা করেছেন মো. আমির হোসেন (৪০) নামে এক মসজিদের ইমাম।

মঙ্গলবার (২৩ জুন) রাত সাড়ে ১০টার দিকে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের জোড়আমতল বাংলাবাজার এলাকার রাজা মিয়া সওদাগর জামে মসজিদের দ্বিতীয় তলা থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত আমির হোসেন চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ভাদালিয়া ইউনিয়নের মিঞ্জিতোলা গ্রামের মৃত কাসিম আলীর ছেলে। তিনি দীর্ঘ ১৩ বছর ধরে ওই মসজিদে ইমামতির দায়িত্ব পালন করে আসছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আত্মহত্যার আগে তিনি মসজিদের কক্ষে একটি চিরকুট লিখে রেখে যান। চিরকুটের ভাষ্য থেকে ধারণা করা হচ্ছে, তিনি পরকীয়াজনিত সম্পর্ক ও পারিবারিক কলহের কারণে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন।

মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও মোতাওয়াল্লি মোহাম্মদ ইফতেখার আহমেদ জুয়েল জানান, আসরের নামাজে তিনি মুসল্লিদের ইমামতি করেন। তবে মাগরিব ও এশার নামাজের সময় তাঁকে মসজিদে দেখা যায়নি। প্রথমে ধারণা করা হয়েছিল, তিনি কোনো কাজে বাইরে গেছেন।

দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পর স্থানীয়রা তার খোঁজ করতে দ্বিতীয় তলায় ইমামের কক্ষে যান। সেখানে কক্ষের দরজায় তালা দেখতে পান। পরে জানালা দিয়ে উঁকি দিয়ে দেখা যায়, তিনি সিলিংয়ের সঙ্গে কাপড় পেঁচিয়ে ঝুলে আছেন। নিচে একটি মই পড়ে ছিল।

খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন। পরে কক্ষে একটি চিরকুট পাওয়া যায়, যেখানে পারিবারিক কলহের বিষয় উল্লেখ ছিল।

এদিকে, মৃত্যুর আগে নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে তিনি স্ট্যাটাস দেন, ‘যার জীবনে দুঃখ ছাড়া কিছু নেই, তাকে কষ্টের ভয় দেখিয়ে লাভ নেই।’

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল রহমান বলেন, মসজিদের ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top