কাপ্তাইয়ে বসতবাড়ি থেকে উদ্ধার জালি অজগর

চাটগাঁ নিউজ ডেস্ক: রাঙামাটির কাপ্তাই উপজেলার চিৎমরম ইউনিয়নের একটি বসতবাড়িতে দেখা মেলে প্রায় সাত ফুট দীর্ঘ বিরল ও সংকটাপন্ন রেটিকুলেটেড পাইথনের (জালি অজগর)। স্থানীয়দের আতঙ্কের মধ্যেই বন বিভাগের তৎপরতায় সাপটিকে নিরাপদে উদ্ধার করে কাপ্তাই জাতীয় উদ্যানের গভীর অরণ্যে অবমুক্ত করা হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) সকাল ১১টার দিকে পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের কাপ্তাই রেঞ্জ কর্মকর্তাদের উপস্থিতিতে অজগরটি প্রাকৃতিক আবাসস্থলে ছেড়ে দেওয়া হয়।

বন বিভাগ ও স্থানীয় সূত্রে জানা যায়, চিৎমরম ইউনিয়নের মুসলিম পাড়ার একটি বাড়িতে অজগরটি দেখতে পেয়ে এলাকাবাসী রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের জীববৈচিত্র্য সংরক্ষণ প্রকল্পের আওতাধীন চিৎমরম ইউনিয়নের ‘প্রকৃতির দল’-কে খবর দেন। খবর পেয়ে দলের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বিপন্ন প্রজাতির সাপটি নিরাপদে উদ্ধার করে কাপ্তাই বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে নিয়ে যান।

পরে বন বিভাগের কর্মকর্তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে অজগরটিকে কাপ্তাই জাতীয় উদ্যানের নিরাপদ পরিবেশে অবমুক্ত করেন।

কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ মামুনুর রহমান বলেন, চিৎমরম মুসলিম পাড়ার একটি বাড়ি থেকে উদ্ধার হওয়া রেটিকুলেটেড পাইথনটি বন বিভাগের কার্যালয়ে আনার পর সেটিকে গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে। বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণে বন বিভাগের কার্যক্রম অব্যাহত রয়েছে। গত দেড় মাসে বিভিন্ন স্থান থেকে উদ্ধার করা প্রায় ১৮টি সাপ প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হয়েছে।

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ ও জীববৈচিত্র্য সংরক্ষণ প্রকল্প সংশ্লিষ্টরা জানান, স্থানীয় জনগণের সচেতনতা এবং ‘প্রকৃতির দল’-এর দ্রুত পদক্ষেপের ফলে সাপটিকে কোনো ধরনের ক্ষয়ক্ষতি ছাড়াই উদ্ধার করা সম্ভব হয়েছে। বন্যপ্রাণী সংরক্ষণে এমন সমন্বিত উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখছে বলে তারা মনে করেন।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top