চাটগাঁ নিউজ ডেস্ক: কক্সবাজার থেকে টেকনাফগামী একটি পালকি মিনিবাস নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিং ভেঙে নিচের খাদে পড়ে গেলে অন্তত চারজন গুরুতর আহত হন।
মঙ্গলবার (২৩ জুন) সকাল ১১টার দিকে টেকনাফের দমদমিয়া এলাকায় কেয়ারী ঘাটসংলগ্ন ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। আহতদের মধ্যে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শরণার্থী শিবিরের দুই বাসিন্দা এবং টেকনাফের দমদমিয়া এলাকার দুইজন রয়েছেন। উদ্ধারকারীরা তাদের দ্রুত টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
টেকনাফ ফায়ার সার্ভিসের স্টেশন কমান্ডার জামিম মিয়া জানান, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস, বিজিবি, কোস্ট গার্ড, পুলিশ ও স্থানীয় লোকজন যৌথভাবে উদ্ধার অভিযান পরিচালনা করেন। দ্রুত উদ্ধারকাজ সম্পন্ন হওয়ায় বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি দ্রুতগতিতে চলছিল। একপর্যায়ে চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি ব্রিজের রেলিং ভেঙে খাদে পড়ে যায়। ওই সময় বাসটিতে প্রায় ১৬ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনার পর ফায়ার সার্ভিসের সদস্যরা জানালা ভেঙে যাত্রীদের বের করে আনেন। স্থানীয়দের দাবি, বাসটি চালকের পরিবর্তে হেলপার চালাচ্ছিলেন, যা দুর্ঘটনার অন্যতম কারণ হতে পারে।
ওসি মো. সাইফুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে সব যাত্রীকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
চাটগাঁ নিউজ/এমকেএন





