৩০০ কোটি টাকার বিনিয়োগে বদলে যাচ্ছে পিসিটি

চাটগাঁ নিউজ ডেস্ক : দেশের বৈদেশিক বাণিজ্যের প্রাণকেন্দ্র চট্টগ্রাম বন্দর আরো এক ধাপ এগোতে যাচ্ছে আধুনিকায়নের পথে। প্রায় ৩০০ কোটি টাকার বিনিয়োগে পতেঙ্গা কনটেইনার টার্মিনালে (পিসিটি) যুক্ত হয়েছে চারটি অত্যাধুনিক শিপ-টু-শোর (এসটিএস) ক্রেন, যা টার্মিনালটির পরিচালন সক্ষমতায় বড় পরিবর্তন আনতে যাচ্ছে।

চট্টগ্রাম বন্দরের সচিব (অতিরিক্ত দায়িত্ব) মো. নাসির উদ্দিন জানান, পিসিটি জেটিতে গত শুক্রবার রাতে জাহাজটি নোঙর করে। কিউ গ্যান্ট্রি ক্রেনগুলো ৩০ জুনের মধ্যে দেশে আসবে বলে বন্দরের সঙ্গে চুক্তিতে উল্লেখ করেছিল আরএসজিটি। এই ক্রেন দিয়ে দ্রুততম সময়ে অনেক কনটেইনার হ্যান্ডলিং করা যায়। জাহাজ থেকে নিরাপদে পণ্য ওঠানামারও সবচেয়ে আধুনিক প্রযুক্তি এটি।

পিসিটির হেড অব কমার্শিয়াল অ্যান্ড পাবলিক অ্যাফেয়ার্স সৈয়দ আরিফ সারওয়ার জানান, গত বছরের ফেব্রুয়ারিতে চীনের সানি মেরিন হেভি ইন্ডাস্ট্রি থেকে চারটি কিউজিসি সংগ্রহের জন্য চুক্তি করে আরএসজিটি। দীর্ঘ এক বছরেরও বেশি সময় এগুলো নির্মাণ করা হয়। এই চারটি ক্রেন চালু হলে আরএসজিটি বাংলাদেশের বার্ষিক কনটেইনার হ্যান্ডলিং সক্ষমতা দ্বিগুণ বাড়বে। বর্তমানে দুই লাখ ৫০ হাজার টিইইউএস থেকে বেড়ে এটি পাঁচ লাখ টিইইউএসে উন্নীত হবে। একই সঙ্গে জাহাজের অপেক্ষার সময় কমবে এবং লজিস্টিক খরচও কমবে। এর আগে পিসিটির জন্য ২৬ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করে ১৪টি রাবার টায়ার্ড গ্যান্ট্রি ক্রেন সংগ্রহ করেছিল আরএসজিটি।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top