অজু করতে গিয়ে বজ্রপাতে ৩ মাদ্রাসা ছাত্রের মৃত্যু

চাটগাঁ নিউজ ডেস্ক: নামাজের অযু করতে গিয়ে নরসিংদীর মনোহরদীতে বজ্রপাতে তিনজন মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও একজন ছাত্র।

আজ রোববার (২১ জুন) সন্ধ্যায় উপজেলার পাঁচকান্দি এলাকায় মর্মান্তিক এই ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- কিশোরগঞ্জের হোসেনপুরের বাদলের ছেলে জহিরুল ইসলাম, দেলোয়ার হোসেনের ছেলে আবু রায়হান ও একই এলাকার আবু জাফর।

জানা যায়, মনোহরদী উপজেলার গোতাশিয়া ইউনিয়নের পাঁচকান্দি মদিনাতুল উলুম মাদরাসায় মাগবিরের সময় অজু করার সময় বজ্রপাত ও বৃষ্টিপাত শুরু হয়। ওই সময় বজ্রপাতে চার শিক্ষার্থী গুরুতর আহত হয়। তাদেরকে উদ্ধার করে শিবপুর হসপিটালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিন শিক্ষার্থীকে মৃত ঘোষণা করেন। একজনকে আহত অবস্থায় জরুরি চিকিৎসা দেন।

নরসিংদী সিভিল সার্জন ডা. বুলবুল কবির জানিয়েছেন, বজ্রপাতের তিন শিক্ষার্থী মারা গেছে। আহত একজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। সে এখন ভালো আছে। নিহত সবার বয়স ১৩ থেকে ১৫ বছরের মধ্যে হবে।

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর বাদশা বলেন, মাগরিবের নামাজের আগে মাদরাসায় অজু করার সময় চার ছাত্র আহত হয়। এ সময় তাদের উদ্ধার করে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। একজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিষয়টি খুবই দুঃখজনক।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top