চাটগাঁ নিউজ ডেস্ক: মাদক প্রতিরোধে শুধু আইন প্রয়োগ যথেষ্ট নয়—এর পাশাপাশি নৈতিক মূল্যবোধ গড়ে তোলা এবং সামাজিক প্রতিরোধ শক্তিশালী করা জরুরি বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী।
রবিবার (২১ জুন) চট্টগ্রাম সরকারি সিটি কলেজ অডিটোরিয়ামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চট্টগ্রাম মেট্রো (দক্ষিণ) কার্যালয়ের উদ্যোগে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সেমিনারের বিষয় ছিল ‘মাদকাসক্তিমুক্ত বাংলাদেশ বিনির্মাণে তরুণদের করণীয় ও চ্যালেঞ্জ’।
সিএমপি কমিশনার বলেন, পরিবারই একজন মানুষের নৈতিক গঠনের প্রথম বিদ্যালয়। তাই সন্তানদের ছোটবেলা থেকেই দায়িত্ববোধ, মানবিকতা ও সঠিক মূল্যবোধ শেখানো গেলে মাদকাসক্তি প্রতিরোধ অনেকটাই সহজ হবে। কিন্তু নৈতিক শিক্ষা ছাড়া মাদকমুক্ত সমাজ সম্ভব নয়।
তিনি আরও বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সমাজ ও রাষ্ট্র—সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। তরুণদের সৃজনশীল ও ইতিবাচক কাজে যুক্ত করা গেলে মাদকের ভয়াবহতা থেকে সমাজকে রক্ষা করা সম্ভব।
সেমিনারে সভাপতিত্ব করেন সরকারি সিটি কলেজের অধ্যক্ষ আবু ছালেহ মোহাম্মদ নঈম উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মো. জাহিদ হোসেন মোল্লা এবং কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক জসিম উদ্দিন আহমেদ।
এছাড়া আলোচক হিসেবে বক্তব্য দেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মোহাম্মদ আলমগীর। মূল প্রবন্ধ উপস্থাপন করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চট্টগ্রাম মেট্রো (দক্ষিণ) কার্যালয়ের উপপরিচালক মো. মানজুরুল ইসলাম। অনুষ্ঠানে সিএমপির উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. হাবিবুর রহমান প্রাংসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
চাটগাঁ নিউজ/এমকেএন






