কালুরঘাট বিসিক এলাকায় প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে গুলি, সশস্ত্র মহড়া

চাটগাঁ নিউজ ডেস্ক : নগরের কালুরঘাট বিসিক শিল্প এলাকার ‘ইয়ুনেস্কো’ পোশাক কারখানা লক্ষ্য করে গুলি করেছে পাঁচ দুর্বৃত্তের একটি সশস্ত্র দল। প্রকাশ্যে পিস্তল উঁচিয়ে ফাঁকা গুলি করতে করতে তারা এলাকা ত্যাগ করেন। এতে এলাকায় আতঙ্ক তৈরি হয়েছে। স্থানীয়রা বলছে, তারা আলোচিত সন্ত্রাসী বোরহান বাহিনীর সদস্য। এদিকে ঘটনার পর চান্দগাঁও এলাকার এক যুবদল নেতাকে প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে।

স্থানীয়রা জানায়, শনিবার দুপুরে বিসিক শিল্প এলাকার একটি শিল্পপ্রতিষ্ঠানের সামনে পাঁচজনের একটি দল অবস্থান নেয়। তারা প্রথমে ইয়ুনেস্কো কারখানার সামনে যান। সেখানে সিকিউরিটির সঙ্গে কথা বলেন। কথা বলার এক পর্যায়ে পাঁচজনের একজন গেইট থেকে সামনে এসে রাস্তায় অবস্থা নিয়ে কোমড় থেকে পিস্তল বের করে কারখানা লক্ষ্য করে প্রথমে গুলি ছুড়েন। তারপর হাত উপরে তুলে প্রকাশ্যে পর পর দুই রাউন্ড গুলি ছুড়েন। গুলি করতে করতে তারা শিল্প এলাকা ছেড়ে যান। এই ঘটনার পর বিসিক এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এদিকে এই ঘটনার একটি ভিডিও সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ৩৭ সেকেন্ডের ওই সিসিটিভি ফুটেজে দেখা যায়, কারখানার সামনে থেকে গোলাপি টি-শার্ট পরা এক যুবক সড়কের দিকে গুলি করতে করতে এগিয়ে যাচ্ছেন। এ সময় তার পাশ দিয়ে কয়েকজন পথচারী হেঁটে যাচ্ছেন। এরপর সড়কে দাঁড়িয়ে কারখানার দিকে তাক করে ফাঁকা গুলি ছোড়েন টি-শার্ট পরা ওই যুবক। পরে সড়কের ধরে এগিয়ে যাওয়ার সময়ও পিস্তল উঁচিয়ে আবার গুলি করতে দেখা যায় তাকে।

এ বিষয়ে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, বিসিক এলাকায় গুলির ঘটনায় পুলিশ তদন্ত করছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চাঁদা দাবিকে কেন্দ্র করে এ ঘটনা ঘটতে পারে। তদন্তে কয়েকজনের নাম উঠে এসেছে। তবে এখনো কেউ লিখিত অভিযোগ করেনি। জড়িত ব্যক্তিদের শনাক্তে কাজ চলছে।

পুলিশ জানায়, বিসিক শিল্প এলাকায় গুলির ঘটনার কিছুক্ষণ পর ৪ নম্বর ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী ও যুবদলের এক নেতাকে মোবাইলে হুমকি দেয় ওই চক্র। তাকে বাজে মন্তব্য করা হয়। এমনকি প্রাণনাশের হুমকিও দেওয়া হয়।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে বিসিক শিল্প এলাকায় আধিপত্য বিস্তার, চাঁদাবাজি ও বিভিন্ন কারখানার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে বোরহান বাহিনী সক্রিয়। মূলত ঝুট ব্যবসাকেন্দ্রিক বিরোধ নিয়ে দ্বন্দ্ব চলে আসছে। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে বিসিক শিল্প এলাকায় কয়েক দফা গুলির ঘটনা ঘটেছে।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top