বাঁশখালীতে ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ স্বজনদের!

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের বাঁশখালীতে নিউমোনিয়া হয়ে চিকিৎসাধীন অবস্থায় আয়াতুল ইসলাম নামে ২ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।  স্বজনদের অভিযোগ, সময়মতো চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ না দেওয়ার কারণে শিশুটির মৃত্যু হয়।

আজ রবিবার (২১ জুন) বিকাল তিনটার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই শিশুর মৃত্যুর ঘটনা ঘটে। পরে শিশুর মৃত্যুর বিষয়টি জানাজানি হলে পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজনকে খবর দেয়। প্রায় দেড়শ লোক এসে হাসপাতালে চিকিৎসকদের অবরুদ্ধ করে রাখেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শিশুর মা আসমা আকতার বলেন, ‘আমি সাথে ছিলাম। আমার ছেলেকে গতকাল শনিবার রাত আটটার দিকে হাসপাতালে ভর্তি করি। তারা মেরে ফেলেছে। এখানে ডাক্তার থাকে না, ডাকলেও পাওয়া যায় না। বয়স্কদের ইনজেকশন আমার ছেলেকে দিয়েছে। সকালে তারা ভুল ইনজেকশন দিয়ে মেরে ফেলেছে।’

শিশুর পিতা সৈয়দ আহমদের দাবি, নিউমোনিয়া রোগে আক্রান্ত হয়ে গতকাল রাতে তার ছেলেকে বাঁশখালীর সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসক-নার্স মিলে ভুল ইনজেকশন দিয়ে ছেলের মৃত্যু ঘটিয়েছে।

বাঁশখালী হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মমিনুল হক বলেন, ‘রোগীর অবস্থা খারাপ ছিল। হাসপাতালের সব ধরনের সেবা দেওয়া হয়েছে। মৃত্যুটি ছিল অনাকাঙ্ক্ষিত।’

বাঁশখালী থানার পরিদর্শক (তদন্ত) সুধাংশু শেখর হালদার বলেন, ‘বাঁশখালী স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুর মৃত্যুকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হলে পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।’

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হক বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশু মৃত্যুর ঘটনায় উত্তেজনা সৃষ্টি হওয়ায় হাসপাতালে বিপুল সংখ্যক পুলিশ মোতায়ন করা হয়েছে।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top