পলোগ্রাউন্ডে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, অবরুদ্ধ পুলিশের গাড়ি

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন রেলওয়ে পাবলিক হাই স্কুল মাঠে চুরির অভিযোগে জয়নাল (২৭) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এই মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

নিহতের স্বজন ও স্থানীয়দের অভিযোগ, মারধরের পাশাপাশি বৈদ্যুতিক শক দিয়ে তাকে হত্যা করা হয়েছে। তবে ঘটনার সুষ্ঠু তদন্তের আশ্বাস দিয়েছে পুলিশ।

রবিবার (২১ জুন) দুপুরে এ ঘটনাকে কেন্দ্র করে বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দা ও নিহতের স্বজনরা। তারা মরদেহ বহনকারী পুলিশের গাড়ি ঘিরে বিক্ষোভ করেন।

নিহত জয়নাল ডবলমুরিং থানার ধনিয়ালাপাড়া ছোট মসজিদ এলাকার মৃত দুলালের ছেলে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, সকাল ১০টার দিকে রেলওয়ে পাবলিক হাই স্কুল মাঠে চুরির সন্দেহে এক যুবককে আটক করা হয়। পরে স্কুলের নিরাপত্তাকর্মীরা তাকে মারধর করেন। একপর্যায়ে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং পরে তার মৃত্যু হয় বলে অভিযোগ ওঠে।

স্থানীয় কয়েকজনের দাবি, মারধরের পাশাপাশি ওই যুবককে বৈদ্যুতিক শকও দেওয়া হয়েছিল। মৃত্যুর আগে তিনি পানি পান করতে চাইলেও তাকে সেই সুযোগ দেওয়া হয়নি বলেও অভিযোগ করেন তারা।

ঘটনার খবর পেয়ে কোতোয়ালী থানা পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়ার উদ্যোগ নেয়। তবে নিহতের স্বজন ও স্থানীয় বাসিন্দারা অভিযুক্তদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত মরদেহ সরিয়ে নিতে বাধা দেন। এ সময় তারা পুলিশের গাড়ি ঘিরে বিক্ষোভ শুরু করেন।

ঘটনাস্থলে উপস্থিত এক নারী বলেন, কোনো ব্যক্তি অপরাধ করে থাকলেও তাকে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করা উচিত। আইন নিজের হাতে তুলে নেওয়ার সুযোগ কারও নেই।

নিহতের পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন, জয়নালকে চুরির মিথ্যা অপবাদ দিয়ে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তারা দ্রুত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

এদিকে, কোতোয়ালী থানার ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানোর পাশাপাশি ঘটনার নিরপেক্ষ তদন্ত করা হবে এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রেলওয়ে পাবলিক হাই স্কুল এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। স্থানীয়দের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।

চাটগাঁ নিউজ/এমকেএন/জেএইচ

Scroll to Top