ইয়াবা আত্মসাতের অভিযোগে কোতোয়ালী থানার ওসি প্রত্যাহার

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিনকে দায়িত্ব থেকে সরিয়ে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। ইয়াবার একটি বড় চালান আত্মসাতের অভিযোগে তদন্তে তার সম্পৃক্ততার তথ্য উঠে আসার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বুধবার (১৭ জুন) রাতে তাকে কোতোয়ালী থানা থেকে প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত কমিশনার (ট্রাফিক, প্রশাসন ও অর্থ) মো. ওয়াহিদুল হক চৌধুরী।

পুলিশ সূত্রে জানা গেছে, গত বছরের ৮ ডিসেম্বর কক্সবাজার থেকে চট্টগ্রামে আনা প্রায় এক লাখ ইয়াবার একটি চালান উদ্ধার করা হলেও তা আনুষ্ঠানিকভাবে জব্দ না করে আত্মসাতের অভিযোগ ওঠে পুলিশের কয়েকজন সদস্যের বিরুদ্ধে। ঘটনাটি নিয়ে অভ্যন্তরীণ তদন্তে কোতোয়ালী থানার ওসি আফতাব উদ্দিনের সংশ্লিষ্টতার অভিযোগ পাওয়া যায়।

তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, উদ্ধার হওয়া ইয়াবা আত্মসাত এবং এর বাহককে ছেড়ে দেওয়ার ঘটনায় তার নির্দেশনার ভূমিকা ছিল। একই ঘটনায় বাকলিয়া থানার তৎকালীন পরিদর্শক (তদন্ত) তানভীর আহমেদ, এসআই আল-আমিন সরকার, এসআই আমির হোসেন ও এএসআই সাদ্দাম হোসেনসহ আরও কয়েকজন পুলিশ সদস্যের সম্পৃক্ততার বিষয়ও উঠে এসেছে।

প্রতিবেদনে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভাগীয় ও ফৌজদারি ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে। এরই মধ্যে কনস্টেবল ইমতিয়াজ হোসেন এবং পরিদর্শক তানভীর আহমেদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জানা গেছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top