চট্টগ্রামে হেয়ারকাট বাতিলসহ ৪ দাবিতে আমানতকারীদের বিক্ষোভ

চাটগাঁ নিউজ ডেস্ক: একীভূত হওয়ার প্রক্রিয়ায় থাকা পাঁচটি ইসলামী ধারার ব্যাংকে জমা রাখা অর্থ ফেরত, হেয়ারকাট বাতিল ও লেনদেন স্বাভাবিক করার দাবিতে চট্টগ্রামে রোডমার্চ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন আমানতকারীরা।

আজ বুধবার (১৭ জুন) দুপুরে ‘সম্মিলিত ইসলামি ব্যাংক আমানতকারী অ্যাসোসিয়েশন-চট্টগ্রাম বিভাগ’-এর ব্যানারে চট্টগ্রাম প্রেসক্লাব থেকে এ কর্মসূচি শুরু হয়। এর আগে প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করেন আমানতকারীরা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন।

তিনি বলেন, গত দুই বছর ধরে আমানতকারীরা নিজেদের কষ্টার্জিত অর্থ তুলতে পারছেন না। এতে অনেক পরিবার চরম মানবিক সংকটে পড়েছে। সন্তানদের লেখাপড়ার খরচ, অসুস্থ বাবা-মায়ের চিকিৎসা এবং নিত্যপ্রয়োজনীয় ব্যয় মেটাতে গিয়ে মানুষ দিশাহারা হয়ে পড়েছে। অনেকেই ঋণের বোঝায় জর্জরিত।

জাহাঙ্গীর হোসেন আরও বলেন, আমরা শান্তিপূর্ণভাবে আমাদের দাবি জানিয়ে আসছি। কিন্তু এখন পর্যন্ত কোনো কার্যকর সমাধান পাইনি। ১০ এপ্রিল ব্যাংক রেজোল্যুশন অধ্যাদেশ জারি হলেও সেখানে সাধারণ আমানতকারীদের স্বার্থ যথাযথভাবে প্রতিফলিত হয়নি। বরং বিভিন্ন সীমাবদ্ধতা ও বৈষম্যমূলক নীতির কারণে আমানতকারীরা আরও অনিশ্চয়তার মধ্যে পড়েছেন।

সংবাদ সম্মেলনে আমানতকারীরা চার দফা দাবি তুলে ধরেন।

দাবিগুলোর মধ্যে রয়েছে— হেয়ার কাট নীতি (মুনাফা কেটে রাখা) বাতিল করে আমানতকারীদের পূর্ণ অর্থ ফেরতের ব্যবস্থা করা, সংশ্লিষ্ট ব্যাংকগুলোর লেনদেন দ্রুত স্বাভাবিক করা, এফডিআর, ডিপিএস ও অন্যান্য আমানতের অর্থ চুক্তি অনুযায়ী পরিশোধ নিশ্চিত করা এবং পূর্বঘোষিত ও চুক্তিভিত্তিক মুনাফার হার বহাল রাখা।

বিস্তারিত সিপ্লাস টিভিতে……

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top