খুলশীতে যুবক অপহরণ, পুলিশ কনস্টেবলসহ গ্রেপ্তার ৪

চাটগাঁ নিউজ ডেস্ক: নগরের খুলশীতে এক যুবককে অপহরণ করে মোটরসাইকেল ও মুঠোফোন লুটের ঘটনায় বান্দরবান জেলা পুলিশে কর্মরত কনস্টেবলসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে লুট হওয়া মোটরসাইকেলসহ তিনটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) নগরের বায়েজিদ লিংক রোড ও পাহাড়তলীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে নগরের খুলশী থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- পুলিশ কনস্টেবল অনিক দাশ (২৭), ওয়াহিদ মোহাম্মদ জেবল হোসেন অনিক ওয়াহিদ (৩৯), মহিউদ্দিন সেলিম (৫২) ও মোহাম্মদ ওয়াহেদ নাছির ডায়মন্ড (৩৮)।

পুলিশ জানিয়েছে, গত ১৬ অক্টোবর রাতে মারুফুর রহমান অপুসহ তিন বন্ধু তিনটি মোটরসাইকেলে কক্সবাজার রওনা হন। পরদিন রাত দেড়টার দিকে নগরের খুলশীর জাকির হোসেন সড়কে ফয়’স লেক এলাকার চক্ষু হাসপাতালের সামনে পৌঁছালে একটি মেরুন রঙের ব্যক্তিগত গাড়ি ও দুটি মোটরসাইকেল দিয়ে পথ আটকানো হয়।

হামলাকারীরা অপুর মোটরসাইকেলের চাবি নিয়ে তাকে মারধর করে এবং ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে গাড়িতে তুলে নেয়। পরে তাকে চট্টগ্রাম নগরের বিভিন্ন স্থানে ঘোরানোর পর নগরের বায়েজিদ বোস্তামী থানার শেরশাহ এলাকায় ফেলে রেখে যায়। এ সময় তার ব্যবহৃত মুঠোফোনটিও নিয়ে নেওয়া হয়। লুট হওয়া ইয়ামাহা মোটরসাইকেলটির আনুমানিক মূল্য সাড়ে পাঁচ লাখ টাকা।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান জানান, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মোটরসাইকেলটি বিক্রির বিজ্ঞপ্তি দেখে অপু ক্রেতা সেজে যোগাযোগ করেন। অগ্রীম পাঁচ হাজার টাকা দেওয়ার পর মোটরসাইকেল হস্তান্তরের কথা বলে তাকে নগরের বায়েজিদ লিংক রোডে যেতে বলা হয়। সেই সূত্র ধরে অভিযান চালিয়ে প্রথমে অনিক দাশকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পর্যায়ক্রমে ওয়াহিদ মোহাম্মদ জেবল হোসেন অনিক ওয়াহিদ, মহিউদ্দিন সেলিম ও মোহাম্মদ ওয়াহেদ নাছির ডায়মন্ডকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় খুলশী থানায় মামলা হয়েছে।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top