চাটগাঁ নিউজ ডেস্ক: তিন দফা দাবি বাস্তবায়ন না হওয়ায় বৃহস্পতিবার (২২ অক্টোবর) থেকে আবারও রাঙ্গামাটির সাজেক পর্যটন সড়কে অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ঘোষণা দিয়েছে সাজেক গণঅধিকার রক্ষা কমিটি সাজেক কার্বারী এসোসিয়েশন।
বুধবার (২১ অক্টোবর) বিকেলে সাজেক কার্বারী এসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা ও সাজেক গণঅধিকার রক্ষা কমিটির আহ্বায়ক বাবুধন চাকমা সংবাদমাধ্যমে দেয়া এক যৌথ বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে , জেএসএসের সশস্ত্র সদস্যরা এখনো সাজেকের আগের অবস্থানগুলোতেই রয়েছেন। তারা সাজেকের বিভিন্ন এলাকায় প্রকাশ্যে সশস্ত্র তৎপরতা চালাচ্ছে। সাধারণ মানুষকে মৃত্যুর হুমকি ও ভয়-ভীতি দেখিয়ে ঘরছাড়া করেছে। গ্রামবাসীদের ব্যবহৃত মুঠোফোন কেড়ে নিয়েছে। সাধারণ জুমচাষীরা ভয়ে জুমে হলুদ ও ঝাড়ুফুলের বাগান পরিষ্কার করার কাজে যেতে পারছেন না। আইনশৃঙ্খলা বাহিনী লোকদেখানো অভিযান চালালেও জেএসএসের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি।
বিবৃতিতে আরও বলা হয়, জনগণের নিরাপত্তা ও জানমাল রক্ষার্থে এবং জেএসএসের সশস্ত্র সদস্যদের সন্ত্রাস ও উৎপাত বন্ধ করার জন্য তাদেরকে উক্ত এলাকা থেকে সরিয়ে না নেওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে। এ লক্ষ্যে আগামীকাল বৃহস্পতিবার (২২ অক্টোবর) থেকে সাজেক পর্যটন সড়কে আবারো অবরোধ কর্মসূচি পালন করা হবে। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এ কর্মসূচি চলবে।
বিবৃতিতে সাজেক পর্যটনে যারা ভ্রমণে এসেছে তাদেরকে আজকের মধ্যে সাজেক পর্যটন ত্যাগ করার জন্য অনুরোধ জানানো হয়। এছাড়া অবরোধ চলাকালে জরুরি ফায়ার সার্ভিস, এ্যাম্বুলেন্স ও লাশবাহী গাড়ি, জরুরি ঔষধ সরবরাহকারী ও সংবাদপত্র বহনকারী গাড়ি, সংবাদ সংগ্রহের কাজে ব্যবহৃত সাংবাদিকদের গাড়ি এই অবরোধের আওতামুক্ত থাকবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
সাজেক গণঅধিকার রক্ষা কমিটির সদস্য সচিব বিজয় কান্তি চাকমা বলেন, ‘আমরা দুর্গাপূজা উপলক্ষে ১৬ হতে ২১ অক্টোবর পর্যন্ত আমাদের অবরোধ স্থগিত করা হয়েছিল। আজকে যেহেতু পূজা শেষ হচ্ছে তাই আগামীকাল বৃহস্পতিবার সকাল ৬ টা থেকে আমাদের পূর্বঘোষিত অবরোধ কর্মসূচি পালন করা হবে। আমাদের যে তিন দফা দাবি রয়েছে সে দাবিগুলো বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের অবরোধ কর্মসূচি চলমান থাকবে।’
এর আগে, গত ১১ অক্টোবর সকাল ৬টা থেকে সাজেক পর্যটন সড়কে অনির্দিষ্টকালের অবরোধ শুরু করেন সাজেক গণ অধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন নামে দুটি সংগঠন। পরে তারা প্রশাসনের কাছে তিনটি দাবি জানিয়ে প্রশাসনের আশ্বাসে দুদিন অবরোধ স্থগিত করে।
তবে দুই দিনের মধ্যে প্রশাসন অবরোধকারীদের দাবি পূরণ করতে না পারায় তারা আবারও ১৫ অক্টোবর অবরোধ পালন করেন। পরে দুর্গা পূজা উৎসবকে কেন্দ্র করে ১৬ হতে ২১ অক্টোবর পর্যন্ত সড়ক অবরোধ কর্মসূচি স্থগিত করার পর আবারও বৃহস্পতিবার থেকে সাজেক পর্যটন সড়কে অবরোধের ডাক দেওয়া হয়েছে।
চাটগাঁ নিউজ/জেএইচ






