চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের চন্দনাইশে সড়ক দুর্ঘটনায় বাবুল (৫৯) নামে এক গরু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার সঙ্গে থাকা চারটি গরুর মধ্যে দুটি ঘটনাস্থলেই মারা যায় এবং অপর দুটি আহত হয়েছে।
মঙ্গলবার (১৬ জুন) রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ উপজেলার বাগিচারহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাগিচারহাট এলাকা থেকে চারটি গরু নিয়ে সাতকানিয়ার কেরানীরহাটের দিকে যাচ্ছিলেন বাবুল। রাতে মহাসড়ক দিয়ে গরুগুলো নিয়ে হেঁটে যাওয়ার সময় কক্সবাজারগামী দ্রুতগতির একটি ঈগল পরিবহনের বাস নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ও গরুগুলোকে ধাক্কা দেয়।
দুর্ঘটনায় গুরুতর আহত হন বাবুল। স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়ার উদ্যোগ নিলেও পথেই তার মৃত্যু হয়। এ সময় ঘটনাস্থলেই দুটি গরুর মৃত্যু হয় এবং বাকি দুটি আহত অবস্থায় উদ্ধার করা হয়।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহ উদ্দিন চৌধুরী জানান, দুর্ঘটনায় এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। দুর্ঘটনায় জড়িত বাসটি শনাক্ত করা হয়েছে। তবে বাসের চালক ও সহকারী পালিয়ে গেছেন। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
চাটগাঁ নিউজ/এমকেএন





