চাটগাঁ নিউজ ডেস্ক: খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় সুপন চাকমা (৩৫) নামে এক এনজিও কর্মকর্তার মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৬ জুন) দুপুরে উপজেলার গচ্ছাবিল এলাকার রেজুর দোকানসংলগ্ন একটি গ্রামীণ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুপন চাকমা খাগড়াছড়ির পানছড়ি উপজেলার বাসিন্দা ছিলেন। তিনি বেসরকারি উন্নয়ন সংস্থা ‘পদক্ষেপ’-এর মানিকছড়ি শাখায় ফিল্ড অফিসার হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পেশাগত দায়িত্ব পালনের জন্য সুপন চাকমা মোটরসাইকেলে করে ওই এলাকায় যাচ্ছিলেন। পথে সরু ও দুর্গম গ্রামীণ সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে তার মোটরসাইকেলটি পাশের গভীর খাদে পড়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে মানিকছড়ি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ পারভেজ জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
চাটগাঁ নিউজ/এমকেএন





