বেনজীরের গ্রেপ্তারের খবরে পরীমনির রহস্যময় স্ট্যাটাস!

বিনোদন ডেস্ক: পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা একটি মামলার প্রেক্ষাপটে ইন্টারপোলের সহযোগিতায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে সংশ্লিষ্ট একাধিক সূত্র নিশ্চিত করে। এদিকে বেনজীরের গ্রেপ্তারের খবর প্রকাশের পর সামাজিক মাধ্যমে এক শব্দে ‘রহস্যময় স্ট্যাটাস’ দিয়েছেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী পরীমনি।

নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে বেনজীর আহমেদের গ্রেপ্তারের খবরসংবলিত একটি ফটোকার্ড শেয়ার করেন পরীমনি। তবে দীর্ঘ কোনো মন্তব্য না করে মাত্র একটি শব্দের মাধ্যমেই নিজের প্রতিক্রিয়া প্রকাশ করেন তিনি। পোস্টের ক্যাপশনে অভিনেত্রী লেখেন, ‘মজা’।

সংক্ষিপ্ত এই মন্তব্যের ব্যাখ্যা পরীমনি দেননি। কেন এমন প্রতিক্রিয়া জানিয়েছেন, সে বিষয়েও বিস্তারিত কিছু লেখেননি। তবে বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে নানা আলোচনা দেখা গেছে। পরীমনির ঘনিষ্ঠ কয়েকজনের দাবি, ২০২১ সালে রাজধানীর একটি বোট ক্লাবকে কেন্দ্র করে আলোচিত যে ঘটনা ঘটেছিল, সেসবের সঙ্গে বেনজীর আহমেদের নাম বিভিন্ন সময় আলোচনায় এসেছে। একই ঘটনায় পরীমনিকে ঘিরেও একাধিক মামলা ও আইনি প্রক্রিয়া তৈরি হয়েছিল, যা নিয়ে সে সময় ব্যাপক আলোচনা হয়েছিল।

এদিকে বেনজীর আহমেদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তদন্ত করছে দুদক। তাঁর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন, ক্ষমতার অপব্যবহারসহ একাধিক অভিযোগ রয়েছে। এসব অভিযোগের কিছু বিষয়ে বর্তমানে আইনি প্রক্রিয়াও চলমান।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top