কানাডায় সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের এক শিক্ষার্থীর মৃত্যু

চাটগাঁ নিউজ ডেস্ক: কানাডার নিউফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডর প্রদেশের সেন্ট জনস শহরে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মো. ইস্তিনাব মাহি (২৩) নামে এক বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যু। স্থানীয় সময় গত শুক্রবার ভোর রাত ১টা ৩২ মিনিটে এই দুর্ঘটনাটি ঘটে। তার বাড়ি চট্টগ্রামের হালিশহরে বলে জানা গেছে।

নিহত মো. ইস্তিনাব মাহি চট্টগ্রামের মো. মোহিব উল্লাহ ও পারভিন আক্তার দম্পতির একমাত্র সন্তান। চট্টগ্রাম কলেজের সাবেক এই শিক্ষার্থী কানাডায় ‘মেমোরিয়াল ইউনিভার্সিটি অফ নিউফাউন্ডল্যান্ড’-এ কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে অধ্যয়নরত ছিলেন।

​স্থানীয় পুলিশ প্রশাসন রয়্যাল নিউফাউন্ডল্যান্ড কনস্ট্যাবুলারি (আরএনসি) সূত্রে জানা গেছে, সেন্ট জনস এলাকার মেয়র অ্যাভিনিউ এবং নিউটাউন রোডের সংযোগস্থলের কাছে চারজন আরোহীসহ একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। দুর্ঘটনার তীব্রতায় গাড়িটি সড়কের পাশে থাকা বেলভেডিয়ার কবরস্থানের সীমানা প্রাচীর ভেঙে ভেতরে গিয়ে পড়ে।

​উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গাড়ি থেকে চারজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তবে দুর্ভাগ্যবশত, গুরুতর আহত মাহিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। গাড়িতে থাকা অন্য তিন আরোহী আহত হলেও বর্তমানে তারা আশঙ্কামুক্ত এবং চিকিৎসাধীন রয়েছেন।

আইনি প্রক্রিয়া ও আনুষ্ঠানিকতা শেষে মাহির মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য পরিবারের পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করা হয়েছে।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top