চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় বাড়ি ফেরার পথে পুকুরে ডুবে রতন সর্দার (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে মৃগী রোগে ভুগছিলেন বলে জানিয়েছে পরিবার।
বুধবার (১০ জুন) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার আমুচিয়া ইউনিয়নের কানুনগোপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রতন সর্দার একই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও প্রফুল্ল সর্দারের ছেলে।
নিহতের ছেলে দুর্জয় সর্দার জানান, রাতের দিকে স্থানীয় একটি দোকান থেকে বাড়ি ফেরার সময় তার বাবা পাশের একটি পুকুরে পড়ে যান। কিছুক্ষণ পর স্থানীয় এক ব্যক্তি তাকে পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে পরিবারের সদস্যদের খবর দেন। পরে দ্রুত উদ্ধার করে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরিবারের দাবি, রতন সর্দার দীর্ঘদিন ধরে মৃগী রোগে আক্রান্ত ছিলেন। ধারণা করা হচ্ছে, অসুস্থতার কারণে তিনি পুকুরে পড়ে যেতে পারেন।
বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার সঞ্চয় সেন জানান, রাত সোয়া ৯টার দিকে রতন সর্দার নামে এক ব্যক্তিকে হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চাটগাঁ নিউজ/এমকেএন





