বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচে দাপুটে জয় আর্জেন্টিনার

স্পোর্টস ডেস্ক: ফিফা বিশ্বকাপ শুরুর আগে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স দেখাল আর্জেন্টিনার জাতীয় ফুটবল দল। আইসল্যান্ডকে ৩-০ গোলে পরাজিত করে বিশ্বকাপ মঞ্চে এক আত্মবিশ্বাসী শুরু করতে যাচ্ছে আলবিসেলেস্তেরা।

ম্যাচের শুরুতেই কিছুটা চাপে পড়েছিল আর্জেন্টিনা। তবে খেলার প্রথম কয়েক মিনিটে সহজ একটি সুযোগ নষ্ট করে আইসল্যান্ড। পরে অবশ্য এর জন্য তাদের জন্য বড় মূল্য দিতে হয়। ম্যাচের ৮ম মিনিটে দূরপাল্লার এক অসাধারণ শটে আর্জেন্টিনাকে এগিয়ে দেন ভ্যালেন্তিন বারকো।

দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নেমেই ম্যাচে প্রভাব ফেলেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। মাঠে নামার কয়েক সেকেন্ডের মধ্যেই তার নিখুঁত পাস থেকে পেনাল্টি আদায় করেন লাওতারো মার্তিনেজ। স্পট কিক থেকে কোনো ভুল না করে ব্যবধান দ্বিগুণ করেন মেসি।

এরপর ম্যাচের শেষ দিকে মেসি ও মার্টিনেজের চমৎকার পাসিং সমন্বয়ে তৈরি হওয়া আক্রমণ থেকে তৃতীয় গোলটি করেন থিয়াগো আলমাদা। তার গোলেই ৩-০ ব্যবধানে নিশ্চিত হয় আর্জেন্টিনার জয়।

বিশ্বকাপের আগে এই দাপুটে জয় আর্জেন্টিনার আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দিয়েছে। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে আগামী ১১ জুন থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপে আর্জেন্টিনা নিজেদের প্রথম ম্যাচ খেলবে ১৭ জুন সকাল ৭টায় আলজেরিয়ার বিপক্ষে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top