চমেকে দালালচক্র ও অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থান মেয়রের

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে সক্রিয় দালালচক্র, রোগী হয়রানি ও বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও চমেক হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ডা. শাহাদাত হোসেন।

বুধবার (১০ জুন) সকালে হাসপাতাল প্রাঙ্গণে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি হাসপাতালকে একটি শৃঙ্খলিত, পরিচ্ছন্ন ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের পরিকল্পনা তুলে ধরেন।

মেয়র বলেন, হাসপাতালের ভেতরে দীর্ঘদিন ধরে দালালচক্রের দৌরাত্ম্য, রোগী ভাগিয়ে নেওয়ার সিন্ডিকেট এবং অবৈধ ব্যবসা চলছে। এসব বন্ধে “শুদ্ধি অভিযান” শুরু করা হয়েছে এবং রোগীদের স্বচ্ছ ও নিরাপদ চিকিৎসা নিশ্চিত করাই মূল লক্ষ্য।

তিনি আরও জানান, অ্যাম্বুলেন্স ভাড়া নিয়ে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ দীর্ঘদিনের। এটি বন্ধ করতে নির্ধারিত ভাড়ার তালিকা কার্যকর করা হবে। ভবিষ্যতে কোনোভাবেই ৮ থেকে ১২ হাজার টাকা পর্যন্ত অতিরিক্ত ভাড়া আদায়ের সুযোগ থাকবে না।

পরিচ্ছন্নতা কার্যক্রমের অংশ হিসেবে হাসপাতাল এলাকার দোকানগুলো পরিদর্শন করে বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করার নির্দেশ দেন তিনি। একই সঙ্গে নালা-নর্দমায় মশার লার্ভা ধ্বংসে ওষুধ ছিটানো হয় এবং পরিচ্ছন্নতা কার্যক্রম নিয়মিতভাবে চালানোর পরিকল্পনার কথা জানানো হয়।

হাসপাতাল চত্বরকে ধূমপানমুক্ত ও মাদকমুক্ত এলাকা হিসেবে গড়ে তোলার উদ্যোগের কথাও জানান মেয়র। পাশাপাশি ফুটপাত দখলমুক্ত করে ওয়ালি বেগ খাঁ মসজিদ থেকে স্টাফ কোয়ার্টার পর্যন্ত এলাকাকে পথচারীবান্ধব জোনে রূপান্তরের পরিকল্পনা নেওয়া হয়েছে।

এ ছাড়া অবৈধ দোকান, ভাসমান ব্যবসা ও ট্রলি ব্যবসা উচ্ছেদ করে পুরো এলাকাকে সবুজায়ন ও গ্রাফিতির মাধ্যমে দৃষ্টিনন্দন করার উদ্যোগও নেওয়া হচ্ছে।

হাসপাতালের পরিচ্ছন্নতা কার্যক্রম টেকসই করতে চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও হাসপাতাল কর্তৃপক্ষের যৌথভাবে ২০ জন পরিচ্ছন্নতাকর্মী দায়িত্ব পালন করবেন বলেও জানানো হয়। পানির সংকট সমাধানে নতুন গভীর নলকূপ স্থাপনের কাজ শেষ পর্যায়ে রয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top