বোয়ালখালীতে ট্রেনের ছাদ থেকে পড়ে গুরুতর আহত নারী

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার বেঙ্গুরা স্টেশন এলাকায় কক্সবাজারগামী সৈকত এক্সপ্রেস ট্রেন থেকে পড়ে এক নারী যাত্রী গুরুতর আহত হয়েছেন।

বুধবার (১০ জুন) সকাল প্রায় ৮টার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের মতে, ট্রেনটি বেঙ্গুরা রেলগেট এলাকা অতিক্রম করার সময় ওই নারী ছাদ থেকে পড়ে যান এবং ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন।

পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি দেখে তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শাহরিয়ার জানান, সকাল পৌনে ৯টার দিকে স্থানীয়রা অচেতন অবস্থায় ওই নারীকে হাসপাতালে নিয়ে আসেন। তার মাথায় গুরুতর আঘাত লেগেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এদিকে, বোয়ালখালী উপজেলার প্রত্যক্ষদর্শী মো. মোকতেয়ার বলেন, কক্সবাজারগামী ট্রেনটি চলার সময় হঠাৎ এক নারী ছাদ থেকে নিচে পড়ে যান। ঘটনার পরপরই স্থানীয়রা তাকে উদ্ধার করেন।

রেলওয়ে সূত্রে জানা গেছে, ট্রেনটি চট্টগ্রাম থেকে কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা করেছিল। দুর্ঘটনার পর বিষয়টি নিয়ে তদন্ত হতে পারে বলে জানা গেছে।

আহত নারীর পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top