পানি সংকটে ধুঁকছে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র, চালু মাত্র ২ ইউনিট

কাপ্তাই প্রতিনিধি: রাঙামাটির কাপ্তাই লেকে পানি স্বল্পতার কারণে কাপ্তাইয়ে অবস্থিত কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে (কপাবিকে) ৫টি ইউনিটের মধ্যে বর্তমানে মাত্র ২টি ইউনিট চালু রয়েছে। বাকি ৩টি ইউনিট বন্ধ থাকায় কেন্দ্রটিতে বিদ্যুৎ উৎপাদন নেমে এসেছে মাত্র ৫৮ মেগাওয়াটে। অথচ কেন্দ্রটির ৫টি ইউনিট থেকে সর্বোচ্চ ২৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব।

বিষয়টি নিশ্চিত করে কপাবিকের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান বুধবার (১০ জুন) সকাল ১০টায় এ প্রতিবেদককে জানান, শুষ্ক মৌসুমে কাপ্তাই লেকের পানির স্তর ধারাবাহিকভাবে কমে যায়। চলতি সপ্তাহে মাঝে মধ্যে বৃষ্টিপাত হলেও তা প্রয়োজনের তুলনায় অনেক কম। ফলে লেকের পানির স্তর কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছাতে পারেনি।

তিনি বলেন, রুল কার্ভ অনুযায়ী আজ কাপ্তাই লেকের পানির স্তর ৭৮ দশমিক ৩৪ ফুট মিন সি লেভেলে থাকার কথা থাকলেও বুধবার সকাল ৯টা পর্যন্ত তা ছিল ৭৩ দশমিক ৯১ ফুট মিন সি লেভেল। অর্থাৎ বর্তমানে পানির স্তর নির্ধারিত মাত্রার চেয়ে ৪ দশমিক ৪৩ ফুট কম রয়েছে।

কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের কন্ট্রোল রুমে দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলীরা জানান, বুধবার সকাল ৯টা পর্যন্ত কেন্দ্রটির ২টি ইউনিট থেকে মোট ৫৮ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। এর মধ্যে ২ নম্বর ইউনিট থেকে ৩০ মেগাওয়াট এবং ৩ নম্বর ইউনিট থেকে ২৮ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানান, অচিরেই ভারী বর্ষণ না হলে বন্ধ থাকা বাকি ইউনিটগুলো চালু করা সম্ভব হবে না। ফলে আগামী দিনগুলোতেও বিদ্যুৎ উৎপাদন সীমিত থাকার আশঙ্কা রয়েছে।

চাটগাঁ নিউজ/ঝুলন/এমকেএন

Scroll to Top