চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের পটিয়া উপজেলার কচুয়াই ইউনিয়নের চক্রশালা এলাকায় সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের হামলায় পংকজ শীল (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তিলক চক্রবর্তী (৩০) নামে এক ব্যক্তি।
মঙ্গলবার (৯ জুন) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহত পংকজ শীল স্থানীয় বাসিন্দা মিলন শীলের ছেলে। আহত তিলক চক্রবর্তী মৃত দুর্গাপদ চক্রবর্তীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে চক্রশালা এলাকায় চলাচলের সময় ছিনতাইকারীদের কবলে পড়েন পংকজ ও তিলক। একপর্যায়ে ছিনতাইকারীরা তাদের ওপর অতর্কিত হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করে পালিয়ে যায়।
তাদের চিৎকার শুনে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। তবে হাসপাতালে নেওয়ার পথেই পংকজ শীলের মৃত্যু হয়। আহত তিলক বর্তমানে চমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
কচুয়াই ইউনিয়ন পরিষদের সদস্য পাভেল বিশ্বাস জানান, সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র এলাকায় প্রবেশ করার পর তাদের সামনে পড়ে যাওয়ায় দুই যুবকের ওপর হামলা চালানো হয়। এ ঘটনায় একজনের মৃত্যু এবং আরেকজন গুরুতর আহত হয়েছেন। ঘটনার পর পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে গ্রামবাসী রাতের নিরাপত্তা জোরদারের দাবি জানিয়ে আসছেন। সাম্প্রতিক এই ঘটনার পর স্থানীয়দের উদ্বেগ আরও বেড়েছে।
এদিকে হামলার পর স্থানীয়রা বোরকা পরিহিত এক সন্দেহভাজন ছিনতাইকারীকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেন। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, সংঘবদ্ধ এই চক্রে একজন নারী সদস্যও ছিল। অন্যরা পালিয়ে গেলেও আবিদুর ইসলাম (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তিনি গাইবান্ধার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছে।
চাটগাঁ নিউজ/এমকেএন






