চট্টগ্রাম রেঞ্জে মাদকবিরোধী অভিযান: ১২৩ গ্রেপ্তার, কারাদণ্ড ৭৮ জনের

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম রেঞ্জে চলমান মাদকবিরোধী বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক সংশ্লিষ্ট ২৯টি মামলা দায়ের করা হয়। পাশাপাশি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৭৮ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং ২৯ হাজার ৭০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) মাদকবিরোধী বিশেষ অভিযানের সর্বশেষ ২৪ ঘণ্টার কার্যক্রমের এসব তথ্য জানানো হয়।

চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী জানান, অভিযানে গ্রেপ্তার ১২৩ জনের মধ্যে ৩৮ জন মাদক ব্যবসায়ী, একজন মাদক বহনকারী এবং ৮৪ জন মাদকসেবী রয়েছেন।

তিনি জানান, মাদকের বিস্তার রোধে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। অভিযানের অংশ হিসেবে মাদক সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। এরই ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় দায়ের করা হয়েছে ২৯টি মামলা।

এদিকে, অভিযানে আটক ব্যক্তিদের মধ্যে ৭৮ জনকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন। একই সঙ্গে আরোপ করা হয় মোট ২৯ হাজার ৭০০ টাকা জরিমানা।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top