হামে শিশু মৃত্যু: ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

চাটগাঁ নিউজ ডেস্ক: হাম ও রুবেলার টিকা সময়মতো আমদানি না করার অভিযোগে শিশুদের জীবন ঝুঁকিতে ফেলার ঘটনায় সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে আদালতে মামলা দায়েরের আবেদন করা হয়েছে।

সোমবার (৮ জুন) ঢাকার এডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনের সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান ইকবাল বাদী হয়ে দণ্ডবিধির ৪০৯, ৪২০, ২৭০, ৩০৪ ও ৩৪ ধারায় এ আবেদন করেন।

আদালতের সংশ্লিষ্ট বেঞ্চ সহকারী আশুতোষ জানান, আবেদনের বিষয়ে শুনানি গ্রহণ করা হবে কি না, সে বিষয়ে আদালত পরবর্তীতে সিদ্ধান্ত দেবেন। এ সময় বাদীপক্ষের আইনজীবী গোলাম মোস্তফা খান আদালতে উপস্থিত ছিলেন।

মামলার আবেদনে অভিযুক্ত হিসেবে নাম উল্লেখ করা হয়েছে—সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম, সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সচিব মো. সাইদুর রহমান, সাবেক বিশেষ সহকারী অধ্যাপক ডা. মুহাম্মদ সায়েদুর রহমান এবং স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর।

অভিযোগে বলা হয়েছে, দেশে শিশু জন্মের পর সংক্রামক রোগ প্রতিরোধে নিয়মিতভাবে হাম ও রুবেলার টিকা প্রদান করা হয়ে থাকে। তবে সংশ্লিষ্টদের নির্দেশে পূর্বে চালু থাকা ইউনিসেফের মাধ্যমে টিকা আমদানির প্রক্রিয়া বন্ধ করে দেওয়া হয়। পরে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে টিকা আমদানির সিদ্ধান্ত নেওয়া হলেও দীর্ঘ দেড় বছর বিলম্ব হওয়ায় দেশে টিকার তীব্র সংকট দেখা দেয়।

আরও অভিযোগ করা হয়, টিকা সংকটের বিষয়ে আগেই একাধিকবার সতর্ক করা হলেও তা উপেক্ষা করা হয়। ফলে দেশে হামের প্রাদুর্ভাব মহামারি আকার ধারণ করে। সরকারি হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ৪ জুন পর্যন্ত সারা দেশে ৭৫ হাজারের বেশি শিশু হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয় এবং টিকার অভাবে প্রায় ৬১০ জন শিশুর মৃত্যু হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

মামলায় আরও কয়েকটি শিশুর মৃত্যুর নির্দিষ্ট উদাহরণ তুলে ধরা হয়েছে। অভিযোগে বলা হয়, অভিযুক্তরা প্রভাবশালী হওয়ায় থানায় মামলা গ্রহণ না করায় আদালতের শরণাপন্ন হতে হয়েছে।

বাদীপক্ষ আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি এবং সর্বোচ্চ শাস্তির আবেদন জানিয়েছেন।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top