রাঙ্গুনিয়া প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নের জয়নগর চকধলিয়া মুসলিমপাড়ায় হরিহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুস মাস্টারের বাড়িতে গভীর রাতে সংঘটিত দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। গত রবিবার দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় মামলা দায়েরের পর এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো— পদুয়া ইউনিয়নের মৃত আব্দুল মোনাফ সিকদারের ছেলে রকিবুল ইসলাম ওরফে রকি (২৭) এবং ৫ নম্বর ওয়ার্ডের জয়নগর মাতাব্বর টিলা এলাকার আজিম উদ্দিনের ছেলে মো. ইমরান (২০)।
পুলিশ জানায়, রকিকে গত রবিবার এবং মামলার ৪ নম্বর আসামি ইমরানকে সোমবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত শুক্রবার (৫ জুন) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে ৮ থেকে ১০ জনের একটি মুখোশধারী সশস্ত্র ডাকাত দল ঘরে প্রবেশ করে পরিবারের সদস্যদের জিম্মি করে। ডাকাতরা চাবি ও টাকার জন্য প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুস মাস্টারকে বেধড়ক মারধর করে এবং গলায় ছুরি ধরে জবাইয়ের হুমকি দেয়। একপর্যায়ে তাঁর একাদশ শ্রেণিতে অধ্যয়নরত মেয়ে ও স্ত্রীকে জিম্মি করে ঘর থেকে ৯ ভরি স্বর্ণালঙ্কার, নগদ ৪০ হাজার টাকা এবং দুটি মোবাইল ফোন লুট করে নিয়ে যায়।
দক্ষিণ রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হিলাল উদ্দিন আহমেদ জানান, এ ঘটনায় দণ্ডবিধির ৩৯৫ ও ৩৯৭ ধারায় ৫ জন এজাহারভুক্ত আসামি এবং অজ্ঞাতনামা আরও ৯-১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত দুই আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতার এবং লুণ্ঠিত মালামাল উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
চাটগাঁ নিউজ/জগলুল/এমকেএন





