চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল এলাকায় অ্যাম্বুলেন্স ভাড়া নিয়ে অনিয়ম ও রোগী-স্বজনদের হয়রানি বন্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।
তিনি বলেছেন, হাসপাতাল এলাকায় নির্ধারিত ভাড়ার তালিকা দৃশ্যমান স্থানে টাঙিয়ে রাখতে হবে এবং কোনো চালক নির্ধারিত ভাড়ার অতিরিক্ত অর্থ আদায় করতে পারবেন না।
সোমবার (৮ জুন) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রোগী ও মরদেহ পরিবহনের অ্যাম্বুলেন্স ভাড়া পুনর্মূল্যায়ন ও যৌক্তিককরণ বিষয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মেয়র জানান, এক বছর আগে বিভিন্ন গন্তব্যের জন্য ভাড়ার তালিকা নির্ধারণ করা হলেও পরবর্তীতে তা কার্যকরভাবে অনুসরণ করা হয়নি। সাম্প্রতিক সময়ে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া যাওয়ায় সংশ্লিষ্ট সমিতি ও অংশীজনদের মতামতের ভিত্তিতে নতুন করে ভাড়া নির্ধারণ করা হয়েছে। জ্বালানির মূল্যবৃদ্ধির বিষয়টিও এতে বিবেচনায় নেওয়া হয়েছে।

নতুন নির্ধারিত ভাড়া অনুযায়ী সর্বনিম্ন ভাড়া রাখা হয়েছে ১ হাজার ১৪৪ টাকা। অন্যদিকে সর্বোচ্চ ভাড়া নির্ধারণ করা হয়েছে লোহাগাড়া রুটে, যেখানে নন-এসি বড় অ্যাম্বুলেন্সের ভাড়া ৫ হাজার ৪০০ টাকা এবং এসি অ্যাম্বুলেন্সের ভাড়া ৫ হাজার ৭৮৫ টাকা।
ডা. শাহাদাত হোসেন বলেন, নির্ধারিত ভাড়ার বাইরে অর্থ আদায়ের অভিযোগ পাওয়া গেলে মালিক সমিতির মাধ্যমে জরিমানা করা হবে। একই সঙ্গে হাসপাতাল ক্যাম্পাস ও আশপাশের সড়কে অ্যাম্বুলেন্স পার্কিং এবং ভ্রাম্যমাণ দোকান বসানো বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। অ্যাম্বুলেন্সের নামে অবৈধভাবে মাইক্রোবাস পরিচালনা রোধে বিআরটিএকেও নজরদারি বাড়ানোর আহ্বান জানান তিনি।
সভায় ডেঙ্গু ও চিকুনগুনিয়া নিয়ন্ত্রণে সিটি করপোরেশনের চলমান কার্যক্রমের অগ্রগতির কথাও তুলে ধরেন মেয়র। তিনি জানান, উন্নতমানের লার্ভিসাইড ব্যবহার এবং জনসচেতনতা বৃদ্ধির ফলে আক্রান্তের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে। চলতি বছরের প্রথম ছয় মাসে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০৭ জনে নেমে এসেছে এবং এখন পর্যন্ত কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
হাসপাতালের পরিবেশ উন্নয়নে বিভিন্ন উদ্যোগের কথাও জানান মেয়র। তিনি বলেন, হাসপাতাল এলাকার ফুটপাত, মিড-আইল্যান্ড ও উন্মুক্ত স্থানে সৌন্দর্যবর্ধন, সবুজায়ন এবং গ্রাফিতি স্থাপনের পরিকল্পনা রয়েছে। এছাড়া হাসপাতালকে পরিচ্ছন্ন রাখতে সিটি করপোরেশন ও হাসপাতাল কর্তৃপক্ষের যৌথ ব্যবস্থাপনায় ২০ জন পরিচ্ছন্নতা কর্মী তিন শিফটে দায়িত্ব পালন করবেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অ্যাম্বুলেন্স মালিক সমিতি, পুলিশ এবং বিআরটিএ’র প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় চট্টগ্রাম অ্যাম্বুলেন্স মালিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক মো. আমান উল্লাহ চৌধুরী সমিতির বাইরে থাকা অ্যাম্বুলেন্সগুলোর কার্যক্রম নিয়ন্ত্রণের দাবি জানান। এদিকে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দীন বলেন, বাইরে থেকে আসা অনেক অ্যাম্বুলেন্স রোগী নামিয়ে ফেরার পথে আবার ভাড়া নিয়ে চলে যায়, যা নিয়ন্ত্রণ করা প্রয়োজন।
চাটগাঁ নিউজ/এমকেএন





