আলীকদমে কলাবোঝাই পিকআপ উল্টে নিহত ১, আহত ৩

বান্দরবান প্রতিনিধি: বান্দরবানের আলীকদম উপজেলায় কলাবোঝাই একটি পিকআপ গাড়ি উল্টে একজনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও ৩ জন।

রোববার (১৮ অক্টোবর) রাতে উপজেলার ৩ নম্বর নয়াপাড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ম্যানথাক ম্রো পাড়া সংলগ্ন নাইক্ষ্যংছড়ি টপ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম সাহাব উদ্দিন (৪০)। তিনি কক্সবাজার জেলার চকরিয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ভাঙ্গারমুখ এলাকার মৃত নাজির আহমদের ছেলে এবং পেশায় গাড়ির মিস্ত্রি ছিলেন।

দুর্ঘটনায় গুরুতর আহত কলার মালিক আব্দুল মোবিন (৩২) একই এলাকার মৃত নুরুল কবীরের ছেলে। এছাড়া আহত চালক জোবায়ের হোসেন রুবেল (৩২) বান্দরবানের লামা থানার ইয়াংছা এলাকার বাসিন্দা। তবে আহত হেলপারের নাম-পরিচয় জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, নাইক্ষ্যংছড়ি টপ থেকে কলা বোঝাই করে পিকআপটি পাহাড়ি ঢালু রাস্তা দিয়ে নিচে নামছিল। পথে গাড়িটির ব্রেক ফেল করলে নিয়ন্ত্রণ হারিয়ে পরপর তিনবার উল্টে নাইক্ষ্যংছড়ি টপের নিচে আছড়ে পড়ে।

দুর্ঘটনার খবর পেয়ে আলীকদম সদর এলাকা থেকে পিকআপ কমিটির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

বিষয়টি নিশ্চিত করে আলীকদম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ হানিফ জানান, রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে সড়ক দুর্ঘটনায় আহত চারজনকে হাসপাতালে নিয়ে আসা হয়। তাদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় সাহাব উদ্দিন নামের একজন মারা যান। গুরুতর আহত কলার মালিক আব্দুল মোবিনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য দুজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এদিকে হাসপাতালে প্রাথমিক চিকিৎসার সুযোগ নিয়ে পিকআপ চালক জোবায়ের হোসেন রুবেল ও তার হেলপার কৌশলে পালিয়ে যায় বলে জানা গেছে।

চাটগাঁ নিউজ/ইলিয়াছ/জেএইচ

Scroll to Top