ঈদগাঁওয়ে ইসলামাবাদ রেলস্টেশন বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রীরা

ঈদগাঁও প্রতিনিধি: কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ রেলওয়ে স্টেশনের অপারেশনাল কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। স্টেশন মাস্টার সংকটসহ প্রশাসনিক সমস্যার কারণে গত ২ জুন থেকে স্টেশনটির কার্যক্রম স্থগিত করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

দোহাজারী–কক্সবাজার রেলপথের আওতাধীন ৯টি স্টেশনের মধ্যে বর্তমানে ইসলামাবাদ স্টেশনই একমাত্র স্টেশন, যেখানে কার্যক্রম বন্ধ রয়েছে। তবে পাশের ডুলাহাজারা ও রামু স্টেশনে রেল কার্যক্রম স্বাভাবিকভাবে চালু আছে। ফলে ইসলামাবাদ ও আশপাশের এলাকার যাত্রীদের দুর্ভোগ দিন দিন বাড়ছে।

স্থানীয়দের অভিযোগ, আগে লোকাল ট্রেন প্ল্যাটফর্ম সংলগ্ন লাইনে থামায় যাত্রীদের ওঠানামা সহজ ও নিরাপদ ছিল। বর্তমানে ট্রেন মূল লাইনে চলাচল করায় নারী, শিশু, বৃদ্ধ ও অসুস্থ যাত্রীদের উঁচু প্ল্যাটফর্ম থেকে নেমে ঝুঁকি নিয়ে ট্রেনে উঠতে হচ্ছে। এতে দুর্ঘটনার আশঙ্কাও বেড়েছে বলে তারা জানান।

এছাড়া কয়েক দিন ধরে স্টেশনের সিগন্যাল বাতি বন্ধ থাকায় ট্রেনের আগমন ও প্রস্থান সম্পর্কে যাত্রীরা আগাম কোনো তথ্য পাচ্ছেন না। এতে অনিশ্চয়তা ও দুর্ঘটনার ঝুঁকি আরও বেড়েছে বলে মনে করছেন স্থানীয়রা।

২০২৩ সালের ডিসেম্বর মাসে চালু হওয়া ইসলামাবাদ রেলওয়ে স্টেশন থেকে ২০২৪ সালের ১ ফেব্রুয়ারি যাত্রী পরিবহন শুরু হয়। প্রতিদিন শতাধিক যাত্রী এ স্টেশন ব্যবহার করলেও মাত্র আড়াই বছরের মাথায় স্টেশনটির কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী।

স্থানীয়দের দাবি, দ্রুত সিগন্যাল ব্যবস্থা সচল করে যাত্রীদের নিরাপদ ওঠানামার ব্যবস্থা নিশ্চিত করতে হবে এবং ইসলামাবাদ রেলওয়ে স্টেশনের পূর্ণাঙ্গ অপারেশনাল কার্যক্রম পুনরায় চালু করতে হবে।

স্টেশন মাস্টার আবদুল কাইয়ুম জানান, জনবল সংকটের কারণে চলতি মাসের ২ জুন থেকে ইসলামাবাদ রেলওয়ে স্টেশনের অপারেশনাল কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।

চাটগাঁ নিউজ/সেলিম/এমকেএন

Scroll to Top