মহাসড়কে বাড়ছে হেলমেটবিহীন বাইকারদের দৌরাত্ম্য!
দুর্ঘটনা বাড়লেও টনক নড়ছে না কারও

আনোয়ার হোসেন ফরিদ: চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের নাম শুনলেই এখন আতঙ্ক ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের মাঝে। দিন দিন ভয়াবহ হয়ে উঠছে এই সড়ক। স্থানীয়দের ভাষায়, এটি আর শুধু একটি মহাসড়ক নয়, যেন এক “মরণ ফাঁদ”।

গত কয়েকদিনে একের পর এক দুর্ঘটনায় ঝরে গেছে বহু তাজা প্রাণ। বিশেষ করে মোটরসাইকেল দুর্ঘটনার সংখ্যাই বেশি দেখা যাচ্ছে এ সড়কে।

সংশ্লিষ্টদের মতে, অধিকাংশ মোটরসাইকেল চালকের মাথায় থাকে না হেলমেট, অনেকের নেই বৈধ কাগজপত্রও। ট্রাফিক আইন বাস্তবায়নে পুলিশ মামলা দিতে গেলে অনেক সময় উল্টো ক্ষোভ প্রকাশ করেন চালকরা। এতে প্রায়ই বাকবিতণ্ডা ও অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হচ্ছে।

সম্প্রতি মহাসড়কের একটি পুলিশ চেকপোস্টে এমনই একটি ঘটনা ঘটে। দুই প্রবাসী মোটরসাইকেল চালক হেলমেট ছাড়া চলাচল করছিলেন। নিয়ম অনুযায়ী পুলিশ মামলা দিতে গেলে তারা ক্ষিপ্ত হয়ে ওঠেন। ঘটনাটি ঘিরে এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

স্থানীয়দের অভিযোগ, চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কে প্রায় প্রতিদিনই কোনো না কোনো দুর্ঘটনা ঘটছে। কেউ হারাচ্ছেন সন্তানের প্রাণ, আবার কেউ হারাচ্ছেন পরিবারের উপার্জনক্ষম সদস্যকে। ফলে দ্রুত মহাসড়কটি চারলেনে উন্নীত করার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

এদিকে হাইওয়ে পুলিশ বলছে, সড়কে ট্রাফিক আইন বাস্তবায়নে কাজ করতে গিয়ে অনেক সময় চরম বিড়ম্বনায় পড়তে হয় তাদের। মামলা দিতে গেলেই চালকদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়তে হয় পুলিশ সদস্যদের।

তবে অনেক চালকের অভিযোগ, কিছু ক্ষেত্রে পুলিশের আচরণ নিয়েও প্রশ্ন রয়েছে।

বিস্তারিত সিপ্লাস টিভিতে………………………

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top