চাটগাঁ নিউজ ডেস্ক: দেশের একাধিক সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) থেকে পুশইনের চেষ্টা চালানো হলেও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর কঠোর অবস্থানের কারণে এসব প্রচেষ্টা ব্যর্থ হয়েছে।
শনিবার (৬ জুন) নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, ঠাকুরগাঁও, দিনাজপুরের হিলি, মেহেরপুর ও লালমনিরহাটসহ বিভিন্ন সীমান্ত পয়েন্টে এসব ঘটনা ঘটে।
সীমান্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, বিভিন্ন সময়ে অন্তত শতাধিক ব্যক্তিকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করা হয়। তবে স্থানীয় বাসিন্দাদের সহায়তা এবং বিজিবির তাৎক্ষণিক পদক্ষেপে অধিকাংশ ক্ষেত্রেই সেই প্রচেষ্টা ভেস্তে যায়। পরে সংশ্লিষ্ট ব্যক্তিদের ভারতীয় ভূখণ্ডে ফিরিয়ে নিতে বাধ্য হয় বিএসএফ।
মেহেরপুরের তেঁতুলবাড়ি হাটপাড়া সীমান্ত দিয়ে ভোরে ৬ জনকে এপারে ঠেলে দেওয়ার চেষ্টা করা হলে স্থানীয়দের খবরের ভিত্তিতে বিজিবি ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। একইভাবে ঠাকুরগাঁওয়ের মশালগাঁও সীমান্তে ১১ জনকে পাঠানোর চেষ্টা প্রতিহত করে বিজিবি।
দিনাজপুরের হিলি সীমান্তের ঘাসুড়িয়া এলাকায় ৫ জনকে ঠেলে পাঠানোর আরেকটি চেষ্টা ব্যর্থ হয়। লালমনিরহাটের চারটি সীমান্ত পয়েন্টেও ৩৩ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হলেও বিজিবির কঠোর নজরদারিতে তা সফল হয়নি।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়, সীমান্তে পুশইন ঠেকাতে তাদের টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। দিনাজপুর ৪২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান বলেন, সীমান্তে যেকোনো অনুপ্রবেশ ও পুশইন প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে।
অন্যদিকে, ১৫ বিজিবির মিডিয়া সেল জানায়, পুশইনের জন্য আনা ব্যক্তিদের পরে ভারতীয় কর্তৃপক্ষ নিজ ভূখণ্ডে ফিরিয়ে নেয়।
এদিকে নওগাঁর সাপাহার সীমান্তে গতকাল শুক্রবার ১৭ জনকে পুশইনের চেষ্টা চালানো হলেও দীর্ঘ সময়ের আলোচনার পর তাদেরও ফিরিয়ে নেয় বিএসএফ।
তবে পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা সীমান্ত এলাকায় ভারতের শূন্যরেখায় এখনো ১০ জন অবস্থান করছেন বলে জানা গেছে। বিষয়টি নিয়ে বিজিবি ও বিএসএফ পর্যায়ে পতাকা বৈঠক হলেও এখন পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
নীলফামারী ৫৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সিরাজুল ইসলাম জানান, এ ঘটনায় উভয় পক্ষের মধ্যে পতাকা বৈঠকে কড়া প্রতিবাদ জানানো হয়েছে।
এদিকে বান্দরবানের রেমাক্রি সীমান্তে মিয়ানমার থেকে অনুপ্রবেশ করা খুমি সম্প্রদায়ের ৪৭ জনকে বিজিবি হেফাজতে নেয় এবং পরবর্তীতে তাদের ফেরত পাঠানো হয় বলেও জানা গেছে।
চাটগাঁ নিউজ/এমকেএন






