দুপুর ১২টা থেকে রাত ৯টা মার্কেট খোলা রাখতে চান চট্টগ্রামের ব্যবসায়ীরা

চাটগাঁ নিউজ ডেস্ক : জ্বালানি সাশ্রয়ে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত শপিংমল খোলা রাখার পরিবর্তে দুপুর ১২টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা রাখতে অনুরোধ জানিয়েছেন চট্টগ্রামের বিভিন্ন বিপণিকেন্দ্র ও অ্যাসোসিয়েশনের নেতারা।

বৃহস্পতিবার (৪ জুন) আগ্রবাদের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারস্থ কনফারেন্স হলে চট্টগ্রাম চেম্বারের নব-নির্বাচিত পরিচালকদের সাথে মতবিনিময়কালে তাঁরা এ অনুরোধ জানান।

বিপণি কেন্দ্রগুলোর মালিক সমিতির নেতাদের দাবি, জ্বালানি সাশ্রয়ের সিদ্ধান্তে বর্তমানে সন্ধ্যা ৭টায় মার্কেটগুলো বন্ধ করতে হচ্ছে বলে বেচাকেনা কমে গেছে। বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের ঋণ পরিশোধ, দোকান ভাড়া, বিদ্যুৎ বিল, সার্ভিস চার্জ, কর্মচারীদের বেতন ও বোনাস ইত্যাদি পরিশোধের করে লোকসানের সম্মুখীন হচ্ছেন তারা। অথচ সন্ধ্যার পরেই মার্কেটগুলো ক্রেতার উপস্থিতিতে জমজমাট হয়ে উঠে।

তাই সরকার নির্ধারিত সময়ের পরিবর্তে দুপুর ১২টা থেকে রাত ৯টা পর্যন্ত মার্কেট খোলার রাখা এবং বর্তমান ভ্যাট প্রদান পদ্ধতি রহিত করে প্যাকেজ পদ্ধতিতে ভ্যাট দেওয়ার নিয়ম চালু করতে চেম্বার নেতাদের সহযোগিতা কামনা করেন তারা।

সভায় সভাপতির বক্তব্যে চেম্বারের সিনিয়র সহ-সভাপতি আমজাদ হোসেন চৌধুরী বলেন, জ্বালানি সাশ্রয়ে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মার্কেট খোলা রাখার পরিবর্তে দুপুর ১২টা থেকে রাত ৯টা পর্যন্ত মার্কেট খোলা রাখার বিষয়ে ব্যবসায়ীদের অনুরোধ নিয়ে সরকারের সংশ্লিষ্ট মহলের সঙ্গে আমরা আলোচনা করব।

সভায় চেম্বার সহ-সভাপতি মোহাম্মদ মসিউল আলম স্বপন বলেন, জাতীয় অর্থনীতি সমৃদ্ধ হচ্ছে ব্যবসায়ীদের প্রদত্ত ট্যাক্স ও ভ্যাটের মাধ্যমে। সেই রাজস্ব দিয়ে সরকার বিভিন্ন উন্নয়ন প্রকল্প গ্রহণ করে; যার সুফল ভোগ করে দেশের আপামর জনসাধারণ। তাই আশা করি ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা সমাধানে সরকার সচেষ্ট হবে।

এ সময় বিভিন্ন মার্কেট অ্যাসোসিয়েশনের নেতারা ট্যাক্স, ভ্যাট প্রদান ও নানা ধরণের হয়রানির কথা তুলে ধরে চিটাগাং চেম্বারকে ব্যবসায়ীদের পাশে থাকার আহ্বান করেন।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top